
শেষ আপডেট: 2 December 2022 13:45
দ্য ওয়াল ব্যুরো: প্রথম স্ত্রীর মৃত্যু হয়েছে। দ্বিতীয় স্ত্রী পালিয়ে গেছেন। বন্ধুদের পরামর্শে বাড়ির কাউকে না নিয়েই তৃতীয়বার বিয়ে করতে ভিনরাজ্যে ছুটেছিলেন। কিন্তু বিয়ের পরদিনই (day after his marriage) শ্বশুরবাড়ির অদূরে রেললাইনে পড়ে থাকতে দেখা গেল বরের মৃতদেহ (Man found dead on rail tracks)।
ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তরপ্রদেশের মির্জাপুরে (Mirzapur)। মৃতের নাম শ্রবণ কুমার। ৩০ বছর বয়সি ওই যুবক আদতে রাজস্থানের নাগাউর জেলার বাসিন্দা। সূত্রের খবর, এর আগে দুবার বিয়ে করেছিলেন শ্রবণ। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে করেন ওই যুবক। কিন্তু দ্বিতীয় স্ত্রী স্বামীকে ছেড়ে পালিয়ে যান। এরপর বন্ধুদের পরামর্শে তৃতীয় বার বিয়ে করার জন্য পরিবারের কাউকে সঙ্গে না নিয়েই উত্তরপ্রদেশের মির্জাপুরে এসেছিলেন শ্রবণ।
সূত্রের খবর, বিয়ের জন্য শ্রবণের পরিবার তাঁকে ৪ লক্ষ টাকা দিয়েছিল। রবিবার বিয়ের পর বাড়ির লোককে সেই ছবিও পাঠান তিনি। নববধূকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু পরেরদিনই বিবাহবাসরের অদূরে একটি রেললাইনের উপর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকেই তাঁর সদ্য বিয়ে করা স্ত্রী পলাতক বলে জানিয়েছে পুলিশ।
খবর পাওয়ার পরেই ছেলেকে খুনের অভিযোগ এনেছে শ্রবণের পরিবার। এই ঘটনায় নববধূ সহ মোট তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তাঁরা। শ্রবণের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
১১ লাখ বাড়ি দেবে সরকার, মমতার নির্দেশে পুলিশ চেক করবে তালিকায় অনিয়ম হচ্ছে কিনা