দ্য ওয়াল ব্যুরো: বেশ নাটকীয় ভাবে প্রেমিকাকে প্রোপোজ করবেন বলে ঠিক করেছিলেন তিনি। সেই মতো সমুদ্রের জল ঘেঁষে বেশ সুন্দর ভাবে প্রেমের প্রস্তাব দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু তা করতে গিয়েই রোম্যান্টিক ওই দৃশ্য রীতিমতো কমেডি সিনে পরিণত হল। জলে আছড়ে পড়লেন স্বাস্থ্যবান মানুষটি। ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি, আর তা দেখেই রীতিমতো হেসে কুটোপাটি নেটিজেনরা।
যুবকের নাম লোগান জ্যাকসন। প্রেমিক মানুষটি চেয়েছিলেন, একেবারে সিনেমার হিরোদের মতো কায়দায় প্রেমিকাকে প্রোপোজ করে চমকে দেবেন। কিন্তু প্রোপোজ করার উত্তেজনায় আর প্রেমের বিহ্বলতায় জ্যাকসন বোধহয় ভুলেই গেছিলেন কতটা মেপে পা ফেলতে হবে। তাই সমুদ্রের জলের মধ্যে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকা প্রেমিকাকে হিরোর মতো কায়দায় প্রেম প্রস্তাব দিতে গিয়েই পড়ে গেলেন পা পিছলে!
প্রেমিকের বেদম আছাড় খাওয়া দেখে প্রেমিকা মারিয়া গুগলিওত্তার তখন হেসেই চলেছেন। তাই বলে অবশ্য প্রেমিকের কোনও অসুবিধা হয়নি। বিপর্যয়ের পরেও ফের উঠে দাঁড়িয়ে প্রেমিকার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে শেষমেশ আংটি বাড়িয়ে দিলেন তিনি। প্রেমিকা তখন আর কী করেন, এত বিপদ সামলে প্রস্তাব এসেছে আংটি-সহ, 'হ্যাঁ' বলা ছাড়া কোনও উপায়ই ছিল না তাঁর।
১৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে, মারিয়া সমুদ্রের ধারে পায়ের পাতা ভেজানো জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর পাশে রয়েছে পোষা কুকুরটিও। তাঁর দিকে এগিয়ে আসছেন প্রেমিক লোগান, আর হঠাৎই সবাইকে চমকে দিয়ে পা পিছলে আলুদ্দম! তাই দেখে হাসি চেপে রাখতে পারেননি প্রেমিকাও।
পরে তিনি নিজেই পোস্ট করেন ভিডিওটি। ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, একেই বলে প্রেমে "পড়া।" দেখুন সেই ভিডিও।
https://www.facebook.com/1385733949/videos/10224336306540371/