
শেষ আপডেট: 26 April 2023 12:08
দ্য ওয়াল ব্যুরো: গাঁটের কড়ি খরচ করে বিপুল টাকার বিনিময়ে বিলাসবহুল গাড়ি কেনা হয়েছিল। কিন্তু কয়েক পা এগোতেও আপত্তি সেই নতুন গাড়ির। রোজই কিছু না কিছু যান্ত্রিক গোলমাল লেগেই থাকছে। ঠিকমতো চলছেই না সাধের গাড়ি। সার্ভিস সেন্টারে বারবার অভিযোগ করেও লাভ হচ্ছিল না। তাই রাগে, বিরক্তিতে দুটি গাধাকে গিয়ে টানিয়ে শোরুমে সেই গাড়ি নিয়ে গেলেন মালিক (car pulled by donkeys)। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে (Viral video)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাজস্থানের উদয়পুরে (Udaipur) গত মঙ্গলবার। রাজকুমার গায়েরি নাম এক ব্যক্তি জানিয়েছেন, তাঁর কাকা সুন্দরলাল মাদ্রী ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি শোরুম থেকে থেকে ২ মাস আগেই ১৭ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে একটি বিলাসবহুল গাড়ি কিনেছিলেন। রাজকুমারের অভিযোগ, কেনার পর থেকেই নানা রকম যান্ত্রিক সমস্যা দেখা যাচ্ছিল গাড়িটিতে। কখনও ইঞ্জিন চালু হয় না, তো কখনও এসি চলে না। কেনার পর দু'বার সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছিল গাড়িটিকে। কিন্তু সেখান থেকে ফেরার পরেও সমস্যার সমাধান হয়নি। ডিলারদের গাড়িটি বদলে দেওয়ার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি তাঁরা।
দিন দুয়েক আগেই একটি পারিবারিক অনুষ্ঠানে গাড়িটিতে চড়ে গিয়েছিলেন রাজকুমার ও তাঁর পরিবারের লোকজন। অভিযোগ, সেখানে বেশ কয়েকবার গাড়িটিকে চালু করা জন্য রীতিমতো ঠেলতে হয়েছে পিছন থেকে। এ ব্যাপারে সার্ভিস সেন্টারে জানানো হলে সেখানের প্রতিনিধিরা জানান, গাড়িটির ব্যাটারির চার্জ কমে গেছে। সেটিকে চার্জ করার জন্য গাড়িটিকে কিছুদূর চালিয়ে নিয়ে যেতে হবে।
রাজকুমার জানিয়েছেন, তারপরেও সমস্যার সমাধান হয়নি। বিরক্তিতে গাড়িটিকে শোরুমে ফেরত দিয়ে আসবেন বলে ঠিক করেন তাঁরা। তারপরেই দুটি গাধাকে দিয়ে টানিয়ে শোরুমে নিয়ে যাওয়া হয় সেই গাড়িটিকে। সেটির বদলে নতুন গাড়ির দাবি করেছেন তাঁরা।
এই ব্যাপারে গাড়ির সার্ভিস সেন্টারের তরফে দাবি করা হয়েছে, কেনার পর ওই ব্যক্তি গাড়িটিতে কিছু প্রযুক্তিগত পরিবর্তন করেন, যার কারণে ইলেক্ট্রিক্যাল সমস্যা হচ্ছে। বিষয়টি মিটমাট করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।
চলন্ত বাইকে মোবাইল ছিনিয়ে নিয়ে শ্লীলতাহানি অ্যাপ বাইক চালকের, লাফ মারলেন তরুণী