দ্য ওয়াল ব্যুরো: গণপ্রহার। কিছুদিন আগেই এ বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কিন্তু তাতেও বদলায়নি পরিস্থিতি। কেবলমাত্র সন্দেহের বশে গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা এ দেশে ক্রমাগত বেড়েই চলেছে। ছেলেধরা সন্দেহেই হোক কিংবা গরু পাচারকারী সন্দেহে। পরিণতি একটাই। বেধড়ক মারধরের ফলে মৃত্যু।
এর আগে ২০১৭ সালের ৫ এপ্রিল গরু পাচারকারী সন্দেহে পেহলু খান সহ ৭ জনকে বেধড়ক মারধর করে প্রায় শ-দুয়েক স্বঘোষিত গো-রক্ষক। বাকি ৬ জন প্রাণে বেঁচে গেলেও পেহলু খানের মৃত্যু হয়। ফের এই আলোয়ারেই গরু পাচারকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক দল গো-রক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে মৃতের নাম আকবর খান(২৮)। তিনি হরিয়ানার কোলগাঁওয়ের বাসিন্দা। শুক্রবার রাতে আলোয়ারের লালাওয়ান্দি গ্রামের কাছে জঙ্গলের ভিতর দিয়ে আকবর ও আরেক ব্যক্তি দুটি গরু নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের উপর চড়াও হয় একদল ব্যক্তি। গরু পাচারকারী সন্দেহে শুরু হয় বেদম প্রহার। গুরুতর আহত অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আকবরকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আকবর খানের সঙ্গী।