
প্রতীকী ছবি
শেষ আপডেট: 28 February 2025 22:57
দ্য ওয়াল ব্যুরো: দিনেদুপুরে অ্যাসিড হামলার (Acid Attack) ঘটনা রাজ্যে! এক গৃহবধূর গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল তাঁরই প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহে (Khardah)। ইতিমধ্যে হামলাকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার খড়দহ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এলপি কলোনি এলাকায় হইচই সৃষ্টি হয়। অভিযুক্ত যুবকের নাম সুজিত দেবনাথ। পড়শিরা জানিয়েছেন, সুজিত দমদমে কাজ করে। মাঝে মধ্যে বাড়িতে আসে। সে প্রায় সময় নেশা করে থাকে বলে দাবি করেছেন তাঁরা। কিন্তু আচমকা এমন ঘটনা সে কেন ঘটাল তা কেউই বুঝতে পারছেন না।
আক্রান্তের ছেলের বক্তব্য, 'মায়ের চুল টেনে ধরে মাথায় অ্যাসিড ঢেলে দিয়েছে। ঘরের মধ্যেও ঢুকে গেছিল। কেন করল, কিছুই বুঝতে পারছি না।' এদিকে মহিলার স্বামীও বলছেন, ঘটনার কারণ সম্পর্কে তিনি কিছুই বলতে পারবেন না। তিনি শুনেছেন, স্ত্রীর গল টিপে তাঁর মাথায় অ্যাসিড ঢালা হয়েছে! অভিযুক্ত যুবকের বাড়ির লোকের সঙ্গে তাঁদের কোনওদিন কোনও ঝামেলা হয়নি বলে জানিয়েছেন তিনি। বর্তমানে তাঁর স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে অভিযুক্ত যুবকের মায়ের দাবি, হাতে অ্যাসিডের বোতল নিয়ে কথা বলছিল ছেলে। হয়তো অসাবধানতা বশত মুখে পড়ে গেছে। তবে প্রতিবেশীদের প্রশ্ন, দুর্ঘটনা হলে ঘরের ভিতরে কী করে অ্যাসিড গেল? অভিযুক্ত যুবককে জেরা করা ঘটনার আসল কারণ জানতে তৎপর পুলিশ।