
মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী
শেষ আপডেট: 10 February 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলের সাংগঠনিক রদবদল হবে বলে একটা আলোচনা অনেক দিন ধরেই রয়েছে। গত কয়েক মাস ধরে এই আলোচনাও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতান্তরের কারণে তা আপাতত ঝুলে রয়েছে।
কিন্তু সোমবার দিদিই রদবদলের ইঙ্গিত দিলেন। এদিন বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে তিনি বিধায়কদের উদ্দেশে বলেন, অঞ্চল ও ব্লক স্তরে সভাপতি পদে বদলের দরকার রয়েছে বলে যদি মনে করেন, তাহলে তিন জন করে নাম পাঠান। ২৫ ফেব্রুয়ারির মধ্যে অরূপ বিশ্বাসের কাছে ওই নামের তালিকা পাঠাতে হবে।
এছাড়াও দিদি এদিনও বলেন, দলের রাশ এখন আমার হাতে। যেভাবে আলোচনার মাধ্যমে এখন দল চলছে, সেভাবেই চলবে। কোনও সমস্যা হলে আমি রয়েছি, আমাকে বলবেন। আর বক্সীদা তো আছেনই।
কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের মতে, এই নির্দেশ ও বার্তার উদ্দেশ্য ও বিধেয় পরিষ্কার। এক, তৃণমূল স্তর থেকে সাংগঠনিক রদবদল হবে। কিছু জেলায় জেলা সভাপতি পদে বদল অনিবার্য। সেই সঙ্গে অঞ্চল ও ব্লকের সভাপতিও অনেক জায়গায় বদল করবেন তিনি।
দুই, ২৫ ফেব্রুয়ারির মধ্যে তালিকা জমা করতে বলা হয়েছে। তার মানে এ মাসে রদবদলের সম্ভাবনা ক্ষীণ। মার্চ মাসের আগে কিছু হবে না। এবং তিন, নেতাজি ইনডোরে একটা কর্মিসভা হওয়ার কথা ছিল। যা এ মাসে হবে না। কারণ, বিধানসভা অধিবেশন তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে। তার পর আবার শিবরাত্রির তিথি রয়েছে। তা নিয়ে অনেক জেলা পূজার্চনায় ব্যস্ত থাকেন মহিলানেত্রীরা। তাই সম্ভবত সেই কর্মিসভা হবে মার্চে। হতে পারে সেই সভাতেই বা তার পর সাংগঠনিক রদবদলের ঘোষণা হবে।
চার, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ধারাবাহিক ভাবে বলছেন যে দলের রাশ তাঁর হাতে, তার মানে সাংগঠনিক রদবদলে ক্যামাক স্ট্রিট বা আই প্যাকের ভূমিকা হয়তো কমই থাকবে। দলের মধ্যে থেকেই রিপোর্ট নিয়ে রদবদল করবেন দিদি।
ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে পুরসভা স্তরে বড় পরিবর্তন হবে বলে গত বছর একুশ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি এও ধারণা করা হচ্ছিল যে অন্তত একশটি পুরসভায় বদল হবে। তবে সেই প্রস্তাব আপাতত ঠাণ্ডা ঘরে চলে গেছে বলেই মনে করা হচ্ছে।