
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 11 June 2024 19:37
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার প্রশাসনিক বৈঠক থেকে পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পষ্টাপষ্টি হুঁশিয়ারিও দিলেন তাঁদের।
মুখ্যমন্ত্রীর অসন্তোষের কারণ দুটি। এক, রাতের বেলায় ওভারলো়ড ট্রাক থেকে টাকা তুলছে পুলিশের একাংশ। একটা কোড ব্যবহার করা হচ্ছে। তার পর সেই টাকা চলে যাচ্ছে কাঁথিতে।
ওভারলোড ট্রাক থেকে পুলিশের একাংশ যে টাকা তোলে সে ব্যাপারে সাধারণ মানুষের অনেকেরই বিস্তর অভিজ্ঞতা রয়েছে। অনেকে অভিযোগ করেন, হাত বাড়িয়ে পুলিশের একাংশকে আকছার টাকা তুলতে দেখা যায়। কিন্তু কাঁথিতে টাকা চলে যাচ্ছে যে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, তা এদিনের বৈঠকে যেন বোমা পড়ার মতই ছিল।
কাঁথি বলতে মমতা বন্দ্যোপাধ্যায় কী বোঝাতে চেয়েছেন তা অনেকের কাছেই পরিষ্কার। পর্যবেক্ষকদের অনেকের মতে, মুখ্যমন্ত্রী পরিষ্কার বোঝাতে চেয়েছেন যে পুলিশ ও প্রশাসনের একাংশ যে কাঁথির সঙ্গে যোগাযোগ রাখছেন, সেই খবর তাঁর কাছে রয়েছে। এটা যে তাঁর না পসন্দ সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি।
সূত্রের খবর, এদিনের প্রশাসনিক বৈঠকে যখন ওভারলো়ড ট্রাকের প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তোলেন তখন পিন পড়লেও হয়তো শব্দ পাওয়া যেত। শুধু এ ব্যাপারেই নয়, প্রশাসনিক কর্তাদের এদিন ভালভাবে অনেক কিছু সমঝে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট কথা, অনেক অফিসারই দু’দিকে তাল দিয়ে চলছেন। মুখ্যমন্ত্রীর সচিবালয়, স্বরাষ্ট্র দফতর এবং অর্থ দফতরের কাগজ, ফাইল নোটিং সব বেরিয়ে যাচ্ছে। কে এগুলো বের করছেন, কারা ফাঁস করছেন, সে প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী।