
নিজস্ব ছবি
শেষ আপডেট: 16 April 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। তাঁদের শ্রদ্ধা জানাতে বুধবার বিজেপির তরফে পালন করা হচ্ছে হিন্দু শহিদ দিবস। বিধানসভার বাইরে আজ এজন্য উপস্থিত হন শংকর ঘোষ, শুভেন্দু অধিকারী-সহ বিজেপির বিধায়করা। সাদা কালো জামা পরে, কালো পতাকা দেখিয়ে গোটা ঘটনার প্রতিবাদ জানান তাঁরা। ওঠে 'হায় হায়' স্লোগান। হরগোবিন্দ ও চন্দনদের মৃত্যুতে শুভেন্দু কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ওয়াকফের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ। পুলিশের দাবি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু মাঝেমধ্যেও উত্তেজনা তৈরি হচ্ছে বিক্ষিপ্তভাবে। এপর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। ঘটনার প্রতিবাদেই আজ শহিদ দিবস পালনের ডাক দেয় বিজেপি। সকলকে এই দিন পালনের ডাকও দেন তাঁরা।
বিধানসভার বাইরে প্রথমে একটি কৃত্রিম বেদী বানিয়ে হরগোবিন্দ ও চন্দনদের শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা। তারপরই বিস্ফোরক অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর দাবি, এই মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত মুখ্যমন্ত্রী। বলেন, 'মিথ্যাবাদী মমতা। আপনার ফরাক্কার এমএলের দাদা, কিষানগঞ্জের এমএলএ, আপনার ধুলিয়ানের চেয়ারম্যান, এরাই খুনের নায়ক।'
গোটা বিধানসভা চত্বরজুড়ে এদিন স্লোগান ওঠে, ' দুনিয়ার হিন্দু এক হও, বাংলার হিন্দু এক হও, চোর মমতা হায় হায়, খুনীদের মুখ্যমন্ত্রী মমতা হায় হায়, খুনী মমতা বিরুদ্ধে লড়তে হবে একসাথে, পুলিশ মন্ত্রী হায় হায়...'
এরপরই শুভেন্দু হিন্দুদের স্বার্থরক্ষার উদ্দেশে বার্তা দেন। জানান, ২০২১ থেকে এমন কোনও জায়গা নেই যেখানে হিন্দুরা আক্রান্ত হলে তাঁরা যাননি। এখানেও যাবেন। তিনবার মেইল করেছেন বলে জানান, উত্তর পাননি তাই কোর্টে গেছেন, যেদিন অনুমতি পাবেন যাবেন।'
এরপরই রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেন, 'চোখের জল ফেলুন। চোখের জলে শপথ নিন হিন্দু বিরোধী সরকারকে ফেলবেন, খুনীদের জেলে পুরবেন। রাজ্যজুড়ে হিন্দুরা বাঁচার লড়াই করছে। অস্তিত্ব রক্ষার লড়াই করছে। মমতা খুনী।'