
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 8 May 2024 16:04
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২০ মে আরামবাগে পঞ্চম দফায় ভোট। বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে এ বার টিকিট দেয়নি তৃণমূল।বদলে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মিতালি বাগ। চব্বিশের লোকসভা ভোটে আরামবাগে তৃণমূলের প্রার্থী নির্বাচন থেকেই দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসে। এই পরিস্থিতিতে বুধবার দলের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার আরামবাগে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের কালীপুর মাঠে সভা ছিল মমতার। সেখান থেকেই দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের কেউ বদমায়েশি করলে আমি থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি।“ সঙ্গে বিজেপি বা সিপিএমের দলে যে এই অনুশাসন নেই তাও মমতার বক্তব্যে উঠে আসে।
স্থানীয় তৃণমূল সূত্রের খবর, প্রার্থী মিতালির প্রচারে গতবারের সাংসদ অপরূপা পোদ্দারকে এক দিনও দেখা যায়নি। অপরূপার দাবি, প্রার্থী কিংবা দলের জেলা নেতৃত্ব অথবা নির্বাচন কমিটি কোনও তরফেই তাঁকে প্রচারে ডাকা হয়নি। যদিও টিকিট না পেয়ে সাংবাদমাধ্যমের সামনে একাধিকবার অপরূপাকে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল। এই পরিস্থিতিতে এদিন নির্বাচনী প্রচারে আরামবাগে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, “এর আগে কেউ ভুল করে থাকলে, আমরা ভুল শুধরে নিয়েছি। এই কেন্দ্রে আমরা এ বার নতুন প্রার্থীকে টিকিট দিয়েছি। মিতালি প্রান্তিক ঘরের মেয়ে। ওঁকে জেতান।’’
লোকসভা নির্বাচনের প্রচার পর্বে একটানা বিজেপি, সিপিআইএম, কংগ্রেসকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী৷ কিন্তু হুগলির আরামবাগের সভায় গিয়ে বিরোধীদের নিশানা করার পাশাপাশি এদিন নিজের দলের নেতাদেরও সতর্ক করলেন তিনি। গত বিধানসভা নির্বাচনে আরামবাগ লোকসভার অন্তর্গত খানাকুল, পুরশুড়ার মতো আসনগুলি দখল করে নেয় বিজেপি৷ এবারের লোকসভা নির্বাচনে আরামবাগে প্রার্থীও বদল করেছে তৃণমূল৷ আর আত্মবিশ্বাসী মমতার কথায়, "মানুষই হারিয়েছে, মানুষই জেতাবে৷"
প্রার্থী মিতালি বাগকে কেন জেতানো উচিত তা নিয়েও ব্যাখ্যা দেন মমতা। তাঁর কথায়, “মিতালি বাগদি সম্প্রদায়ের মেয়ে। উচ্চশিক্ষা করেছে। অনেকে বলেন, বাগদি বাউড়িরা টিকিট পান না। আমরা ওঁকে টিকিট দিয়ে তা প্রমাণ করে দিয়েছি। ও সারাজীবন বিয়ে করেনি, দলের কাজ করে।’’
আরামবাগের মঞ্চ থেকে সিপিএমকে আক্রমণ করেন মমতা। বলেন, ‘‘সিপিএমের হার্মাদেরাই এখন বিজেপির হার্মাদ হয়েছে। আমার থেকে ভাল ওদের আর কেউ চেনে না। গড়বেতা থেকে আরামবাগ পর্যন্ত সিপিএম মাটির নীচে সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল। মানুষ খুন করে সেখানে ফেলে দিত। আর তাঁকে খুঁজে পাওয়া যেত না।’’
মূলত উন্নয়নকে হাতিয়ার করে আরামবাগ আসনে ফের জয় পেতে চায় তৃণমূল। সেই প্রসঙ্গে তাঁর সরকারের আমলে কোথায় কী উন্নতি হয়েছে, এদিন সেই খতিয়ান তুলে ধরেন মমতা। আরামবাগ আগে কেমন ছিল, সেই স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী।