“কিছু পোকা-মাকড় থাকবেই, তারাও তো প্রকৃতির জীব। ওদের সরিয়ে দিয়ে নিজের কাজটা করুন।
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 4 December 2025 17:50
দ্য ওয়াল ব্যুরো: বহরমপুর স্টেডিয়ামে (Baharampur meeting) বৃহস্পতিবারের সভা যেন পরিণত হল কঠোর বার্তার মঞ্চে। জেলার মানুষকে সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ, মুর্শিদাবাদে নতুন করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে।
মুখ্যমন্ত্রীর কড়া সতর্কবার্তা, “নতুন করে মুর্শিদাবাদে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। তারপর এএনআই-এর হাতে কেস তুলে দিতে চাইছে। সব দলেই কিছু বেইমান থাকে। কুলাঙ্গার থাকে। আমাদেরও কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাঁবেদারি করে। এরা দেশের শত্রু। নির্বাচনের দু’মাস আগে যারা বিজেপির পাল্লায় পড়ে এসব কাজ করে তারা দেশের শত্রু।”
এখানেই থামেননি তিনি। তীব্র শ্লেষের সুরে বলেন, “কিছু পোকা-মাকড় থাকবেই, তারাও তো প্রকৃতির জীব। ওদের সরিয়ে দিয়ে নিজের কাজটা করুন। আমার ওপর বিশ্বাস আছে তো? মুর্শিদাবাদে দাঙ্গা হতে দেবেন না। মনে রাখবেন, আমি আপনাদের পাহারাদার। আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। কোনও প্ররোচনায় পা দেবেন না।”
মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কারও নামোল্লেখ করেননি। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, নাম না করে হুমায়ুন কবীরকেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কারণ— গত কয়েকদিন ধরেই জেলার রাজনীতিতে উত্তেজনার কেন্দ্রে হুমায়ুন কবীর। ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ তৈরির ঘোষণা ঘিরে বিতর্ক দানা বাঁধে। দলের তরফে একাধিকবার সতর্ক করা হলেও সিদ্ধান্ত বদলাতে রাজি হননি তিনি। ফলত বৃহস্পতিবার সকালেই তৃণমূল কংগ্রেস তাঁকে সাসপেন্ড করে।
সাসপেনশনের জবাবও দিয়েছেন হুমায়ুন। জানিয়েছেন, শুক্রবারই মুর্শিদাবাদ থেকে নতুন দল ঘোষণা করবেন তিনি। একই সঙ্গে দাবি করেছেন— আগামী নির্বাচনে বাংলার ১৩৫টি আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ প্রসঙ্গেও জেলাবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, "অনেকে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়ে বিজেপির সুবিধা করে দিতে চাই। এই নির্দল, ফির্দলদের একটি ভোটও দেবেন না!"
এদিনের সভায় বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যারা সাম্প্রদায়িকতার তাস খেলছেন, তাঁদের বলছি, সতর্ক থাকবেন। এটা বাংলা। বাংলার মাহাত্ম্য সম্প্রীতি। এখানে সাম্প্রদায়িক হিংসা আমি করতে দেব না।