
শেষ আপডেট: 1 March 2024 18:31
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ মার্চ বৃহস্পতিবার কলকাতার রাস্তায় মিছিলে হাঁটবেন তিনি। তৃণমূলের মহিলা সদস্যরা কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন। সেই মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ডোরিনা ক্রসিংয়ে তৃণমূল সুপ্রিমো একটি সভা করবেন বলেও সূত্রের খবর।
এবছর যদিও প্রথম নয়, প্রায় প্রতিবারই নারীদিবসে দলের নারী বাহিনীকে নিয়ে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু দলের নেত্রী-কর্মীরাই নয়, সেই মিছিলে দেখা যায় বহু সেলিব্রিটিকেও।
বেশ কয়েক বছর ধরে ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসে মমতার নেতৃত্বে তৃণমূলের মিছিল বেরোয়। কিন্তু এবার সেই মিছিল হচ্ছে একদিন আগে অর্থাৎ ৭ মার্চ। আসলে ৮ তারিখ শিবরাত্রি। ওইদিন মহিলারা নানা আচার-অনুষ্ঠান পালন করে থাকেন। তাই মিছিল একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর।
সম্প্রতি সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের তোপের মুখে পড়েছে তৃণমূল সরকার। রাজ্যের মহিলাদের নিরাপত্তা নেই বলেও শাসক দলকে বিঁধতে ছাড়েননি বিরোধীরা। যদিও অবশেষে সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের গ্রেফতারিতে খানিকটা হলেও ক্ষোভ প্রশমিত হয়েছে। তবে লোকসভা ভোটের আগে এই ইস্যু তৃণমূলকে বেকাদায় ফেলতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
বাংলায় পর পর তিনটি সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর শেষ সভার পরদিনই মহানগরে পথে হাঁটবেন মমতা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা ভোটের আগে এই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কলেজ স্ট্রিট, বউবাজার, ওয়েলিংটন হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত আসবে মমতার মিছিল। ৭ তারিখের মিছিলের সময়সূচি এখনও দলের তরফে চূড়ান্ত করা হয়নি।