গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে হাঁড়ি-খুন্তি হাতে মিছিলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 7 March 2026 15:00
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে এক লাফে অনেকটা বেড়েছে গ্যাসের দাম। এ নিয়ে ফের কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেট্রো চ্যানেলে (Metro Channel) চলা ধরনার দ্বিতীয় দিনেই কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন (Election Commission)-এর বিরুদ্ধে সরব হলেন তিনি।
গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, “গতকাল ৬০ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। তার আগে তিনদিন আগে আবার ৪৯ টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম ২১০০ টাকা হয়ে গিয়েছে। আর ছোট সিলিন্ডারের দাম ১ হাজার টাকা হয়ে গিয়েছে।”
এখানেই থামেননি তিনি। নতুন বুকিং নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর কথায়, “বলছে ২১ দিন আগে থেকে বুক করতে হবে। যার বাড়িতে গ্যাস শেষ হয়ে যাবে সে কী ২১ দিন রান্না না করে থাকবে? এগুলো আপনাদের আগে মাথায় থাকে না? খাবে কী মানুষ?”
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আরও বড় আন্দোলনের ডাকও দিয়েছেন ধরনা মঞ্চ থেকে। এদিন তিনি ঘোষণা করেন, আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) উপলক্ষে আগামীকাল রাজপথে নামবেন মহিলারা।
মমতা জানান, প্রতিবাদ মিছিল হবে একেবারে অন্য ঢঙে। হাঁড়ি-খুন্তি, কড়াই, বাটি-ঘটি হাতে নিয়েই পথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, “কাল মিছিল হবে। গ্যাস নেই, রান্না নেই। গ্যাস নেই, খাবার নেই। সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে।”
সমাজের সব স্তরের মহিলাদের এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান তৃণমূল নেত্রী। পাশাপাশি প্রতীকী প্রতিবাদের কথাও বলেন। মমতার বক্তব্য, “মানবতাকে পালন করার জন্য কাল মা-বোনেরা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। আর হাতে এইসব রাখবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। পারলে কাঁচা আনাজও ঝুড়িতে আনবেন।”
এদিকে নতুন করে দাম বৃদ্ধির পর কলকাতায় (Kolkata) ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) কিনতে এখন দিতে হবে ৯৩৯ টাকা। অন্যদিকে হোটেল ও রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার (Commercial LPG Cylinder)-এর দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯০ টাকাতে।
ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বলেই দাবি তৃণমূলের। সেই ইস্যুকেই সামনে রেখে এবার রাস্তায় নামতে চলেছে শাসক শিবির।