
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 22 April 2025 09:26
দ্য ওয়াল ব্যুরো: সোমবার শালবনিতে জোড়া পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ মঙ্গলবার মেদিনীপুরে (Medinipur) প্রশাসনিক সভা করতে চলেছেন তিনি। গত দু'দিন ধরে কলেজ ময়দানে তারই প্রস্তুতি চলছে। সভাস্থলে মঞ্চ বাঁধার কাজও শেষ। তৈরি হয়ে গিয়েছে হেলিপ্যাডও। নিরাপত্তা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জেলাশাসক ও প্রশাসনিক কর্তারা।
রবিবার ব্রিগেডে বামেদের ভিড় ছিল চোখে পরার মতো। পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, সেই ভিড় টেক্কা দিতেই শেষ মুহূর্তে মেদিনীপুরকে বেছে নিয়েছে তৃণমূল (Trinamool)। যদিও মুখ্যমন্ত্রীর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। তাই প্রশাসনিক সভাকেই গুরুত্ব দিতে মরিয়া দল।
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে উপভোক্তাদের নিয়ে আসার জন্য ৬৫৬টি বাস নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তার বাইরে তৃণমূলের পক্ষ থেকে আলাদা করে দু'হাজার গাড়িও নাকি নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে বড় ট্রাক, ছোট ট্রাক, টেম্পো।
কিন্তু একেই বৈশাখী গরম তার উপর বোরো ধান কাটার মরশুম। পরিকল্পনা মাফিক কতটা ভিড় হবে সে নিয়ে খানিকটা সংশয় রয়েইছে। তার উপর ২৬ হাজার চাকরি বাতিল ইস্যুও রয়েছে। আর পশ্চিম মেদিনীপুরেই চাকরি খুইয়েছেন প্রায় ১৭০০ শিক্ষক ও শিক্ষাকর্মী। আজকের জমায়েতে সেটিও নেতিবাচক ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
বস্তুত, সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দলগোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন বাংলার 'ব্র্যান্ড অ্যাম্বাসাডর' সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দিদি-দাদার 'যুগলবন্দি'তে শুধু তাপবিদ্যুৎকেন্দ্র নয়, ২০০০ একরের শিল্পপার্কেরও শিলান্যাস হয় শালবনিতে।