বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) স্ত্রী শ্রীময়ী চট্টরাজকে নাকা চেকিংয়ের নামে হেনস্থার ঘটনা টেনে এনে মহিলাদের ‘অসম্মান’ করার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 12 April 2026 13:20
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় প্রচারের শুরুতেই মেজাজ সপ্তমে চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খণ্ডঘোষের প্রথম নির্বাচনী সভা (West Bengal Assembly Election 2026) থেকেই তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর সভার অনুমতি দ্রুত মিললেও তৃণমূলের ক্ষেত্রে টালবাহানা করছে কমিশন। একই সঙ্গে বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) স্ত্রী শ্রীময়ী চট্টরাজকে নাকা চেকিংয়ের নামে হেনস্থার ঘটনা টেনে এনে মহিলাদের ‘অসম্মান’ করার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী।
সভার অনুমতি নিয়ে ক্ষোভ
এ দিন মঞ্চ থেকে মমতা বলেন, "আজকে আমার মিটিং-এর পারমিশন দিচ্ছিল না। মোদীর সভার পারমিশন দিতে পারো অল্প সময়ে। আর মাঠ খালি থাকলেও তোমরা আমার মিটিং-এর পারমিশন দাও না। কেন? তোমাদের নতুন করে এখানে কাজে আনা হয়েছে বলে?" প্রশাসনে সাম্প্রতিক রদবদল ও নতুন আধিকারিকদের ভূমিকা নিয়ে এ ভাবেই সরাসরি প্রশ্ন তুলে দেন নেত্রী।
শ্রীময়ী হেনস্থা ও নারী সুরক্ষা
শনিবার রাতে শুটিং থেকে ফেরার পথে নাকা চেকিংয়ের মুখে পড়েন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক। সমাজমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, কোনও মহিলা কনস্টেবল ছাড়াই একজন পুরুষ পুলিশ আধিকারিক রাস্তার মাঝে তাঁর ব্যাগ খুলে স্যানিটারি ন্যাপকিন বা অন্তর্বাসের মতো ব্যক্তিগত জিনিসপত্র বের করে হেনস্থা করেছেন। এমনকি ব্যাগের মেকআপ পাউচ দেখে ব্যঙ্গও করা হয় বলে তাঁর দাবি।
এই ঘটনার তীব্র নিন্দা করে মমতা বলেন, "মেয়েদের গায়ে হাত দেওয়া হচ্ছে নাকা চেকিং-এর নামে। মেয়েদের ব্যাগ খুলে চেক করছে, লজ্জা করে না! কাঞ্চন মল্লিকের বউকে হ্যারাস করা হয়েছে। মেয়েদের ব্যাগ খুলে সব টেনে বের করে অসম্মান করছে।" মুখ্যমন্ত্রীর দাবি, চেকিংয়ের নামে মহিলাদের গোপনীয়তা ও নারীত্বের মর্যাদা নষ্ট করা হচ্ছে।
শাহের পাল্টায় ‘সুপার সানডে’
খণ্ডঘোষের পর মমতার পরবর্তী গন্তব্য বাঁকুড়ার ওন্দা এবং ছাতনা। ঘটনাচক্রে, শনিবারই এই দুই কেন্দ্রে সভা করে গিয়েছেন অমিত শাহ। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই মাটিতে দাঁড়িয়ে শাহের আক্রমণের পাল্টা জবাব দিতে তৈরি তৃণমূল নেত্রী। দিনের শেষে আসানসোলেও সভা করার কথা রয়েছে তাঁর।