
শেষ আপডেট: 6 February 2023 11:29
দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার ভোট (Tripura Election) প্রচারের জন্য সে রাজ্যে পৌঁছলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার আগরতলা বিমানবন্দরে (Agartala) নেমে বাংলার মুখ্যমন্ত্রী ত্রিপুরাবাসীর উদ্দেশে বলেন, ‘আমি ত্রিপুরার মানুষকে বলতে এসেছি, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি।’
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড় করিয়ে মমতা বলেন, ‘যখন বিজেপি সবার উপর আক্রমণ করছে, সাংবাদিকদেরও বাদ দিচ্ছে না, তখন তৃণমূল ছিল। আর কেউ ছিল না। আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে। অভিষেক, সুস্মিতাদের (দেব) গাড়ির কাচ ভেঙেছিল।’
মমতা এদিন বলেন, অতীতে দশরথ দেবের সরকারকে হঠিয়ে যখন কংগ্রেস সরকারে এসেছিল সেই সময়ে তিনি ত্রিপুরায় ভোটের কাজ করেছিলেন। সন্তোষমোহন দেবের সঙ্গে ত্রিপুরার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়িয়েছিলেন। ত্রিপুরার মানুষের ভাষা, পোশাক, খাদ্যাভ্যাসের সঙ্গে বাংলার মিলের কথা টেনে মমতা বলেন, ‘এটা আমার দ্বিতীয় ঘর।’
ত্রিপুরা বিধানসভায় মোট আসন ৬০টি। কিন্তু তৃণমূল প্রার্থী দিয়েছে ২৮টি আসনে। সিপিএম ও কংগ্রেস অবশ্য বলেছে, বিজেপিকে সুবিধা করে দিতেই ভোট কাটার খেলায় নেমেছে তৃণমূল।
অভিষেক দলের সাধারণ সম্পাদক হওয়ার পর বাংলার বাইরে সংগঠন মজবুত করার কাজে নেমেছে তৃণমূল। ত্রিপুরায় এর আগে পুরসভা ভোট ও বিধানসভার উপনির্বাচনেও প্রার্থী দিয়েছিল বাংলার শাসকদল। একটা সময় কুণাল ঘোষ, সায়নী ঘোষ, জয়া দত্ত, সুদীপ রাহা, শান্তনু সেনরা কার্যত আগরতলায় বেসক্যাম্প করে থাকা শুরু করেছিলেন। ইদানীং যদিও সেই ঝাঁঝ কিছুটা কমেছে বলেই মত অনেকের।
সোমবার বিকেলে উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন মমতা। আগামীকাল তাঁর রোড শো রয়েছে।
বিজেপির আরও ৮ বিধায়ক যাবেন? মনোজ বললেন, ‘শুনছি! তবে কারা জানি না’