আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে ক'দিন আগেই বানভাসি হয়েছে দিল্লি, মুম্বই। এখনও বাণিজ্যনগরীর কিছু জায়গায় প্রায় এক কোমর জল। বঙ্গোপসাগরেও (Bay of Bengal) নিম্নচাপ (Today's Weather) তৈরি হওয়ায় আগামী ৪৮ ঘণ্টা বাংলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather) রয়েছে। তার জন্য যে সরকার সবরকম ভাবে প্রস্তুত, সেই কথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 29 May 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে ক'দিন আগেই বানভাসি হয়েছে দিল্লি, মুম্বই। এখনও বাণিজ্যনগরীর কিছু জায়গায় প্রায় এক কোমর জল। বঙ্গোপসাগরেও (Bay of Bengal) নিম্নচাপ (Today's Weather) তৈরি হওয়ায় আগামী ৪৮ ঘণ্টা বাংলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather) রয়েছে। তার জন্য যে সরকার সবরকম ভাবে প্রস্তুত, সেই কথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানিয়েছেন, আগেই এ ব্যাপারে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বিপর্যয় মোকাবিলা দফতরকেও জানানো আছে, কোনও রকম সমস্যা হলে তাঁরা কাজে লেগে পড়বেন। তাছাড়া মুখ্যমন্ত্রী এও নির্দেশ দিয়ে রেখেছেন, দরকার পড়লে লো ল্যান্ড থেকে লোক তুলে রিলিফ সেন্টার তৈরি করে সেখানে তাঁদের থাকার ব্যবস্থা করতে হবে। ২৪ ঘণ্টা, সাতদিন ব্লক, জেলা থেকে নবান্ন পর্যন্ত কন্ট্রোল রুম খোলা থাকবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু দুর্যোগের একটা পরিস্থিতির আভাস রয়েছে, তাই পর্যটকরা, মৎস্যজীবীরা সমুদ্রে না নামাই ভাল। এ ব্যাপারে নির্দেশিকাও জারি করেছে রাজ্য। তারপরও যদি কোনও দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়, তার জন্য যে ডিএম, এসপিরা তৈরি আছেন সেই কথাও জানিয়ে দেন মমতা।
বস্তুত, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে গড়ে ওঠা গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিমবঙ্গের ক্যানিং ও বাংলাদেশের মোংলার মাঝামাঝি রায়দীঘির কাছে ইতিমধ্যেই প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে প্রবেশের পর আজ রাতের মধ্যে এটি শক্তি হারিয়ে আবার গভীর নিম্নচাপে পরিণত হবে।
নিম্নচাপটি বাংলাদেশের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। এসব জায়গায় দমকা ঝড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে কয়েকটি স্থানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২৪ পরগনার কিছু জায়গায় ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে। এ অঞ্চলে ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই দিনে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দার্জিলিং ও কালিম্পং জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, সময়ের আগে উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কারণ নিম্নচাপ। সেখানে কবে বর্ষা ঢুকবে তা এখনও নিশ্চিত নয়।