
শেষ আপডেট: 31 March 2024 22:19
দ্য ওয়াল ব্যুরো: রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। সূত্রের খবর, বিশেষ বিমানে রওনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গে দু-তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। রবিবার বেলা সাড়ে ৩ টে নাগাদ জলপাইগুড়ি জেলায় ব্যাপক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়েই ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা অন্তত ২০০। ঘটনায় সোশ্যাল মাধ্যমে আগেই শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার নিজেই জলপাইগুড়ি যাচ্ছেন তিনি।
জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ির বেশ কিছু এলাকা ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। ময়নাগুড়িতে ৫০০ গ্রাম ওজনের শিল পড়েছে বলে দাবি এলাকাবাসীদের। মাত্র কিছুক্ষণের ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে জানান, নির্বাচনী আদর্শ বিধি অনুসরণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার।
এই মুহূর্তে জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএমজি এবং কিউআরটি দল বিপর্যয় মোকাবিলায় কাজ করছে। ত্রাণ সরবরাহ চলছে। ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের দেখতে সোমবার বিকেলে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
ঝড়ের পর উদ্ধারে নামে পুলিশ, দমকল। বিভিন্ন ব্লকের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন প্রশাসনের আধিকারিকেরা। জলপাইগুড়ি শহরে ঝড়ের পর পরিস্থিতি মোকাবিলায় নেমেছে পৌরসভা। স্থানীয় সূত্রের খবর, ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে, ঝোড়ো হাওয়ায় চাল উড়ে গেছে। বিদ্যুতের তারের উপর গাছ পড়ে গোটা এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।