কলকাতার জলমগ্ন পরিস্থিতির জন্য এদিনও ডিভিসি ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন মমতা।
.jpeg.webp)
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 24 September 2025 17:36
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির জলে শহর ভেসেছে ঠিকই, তবে উৎসবের জোয়ারেও কম যায় না কলকাতা (Kolkata, Durga Puja)। দুর্যোগের কারণে মঙ্গলবার কলকাতার পুজো উদ্বোধন স্থগিত রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন দুপুর থেকেই ফের উদ্বোধন শুরু হয়। এদিন কালীঘাটে দমকলের নতুন ভবনের (Kalighat Fire Station) উদ্বোধনের পাশাপাশি শহরের প্রায় ৪০টি নামী-দামি দুর্গাপুজোরও আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি।
একই সঙ্গে দমকল বিভাগের ২৯টি নতুন দ্বিচক্র যানেরও উদ্বোধন করেন তিনি। পুজোর মরসুমে নিরাপত্তা ও জরুরি পরিষেবা আরও শক্তিশালী করতে এই উদ্যোগ বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন দুপুর ৩টে থেকে শুরু হয় উদ্বোধনের পালা। এদিন শহরের যে পুজোগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, তার মধ্যে রয়েছে একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, বালিগঞ্জ কালচারাল, মুদিয়ালি, ত্রিধারা, বাদামতলা আষাঢ় সংঘ, ফল্গুনী সংঘ, হিন্দুস্থান পার্ক সহ একাধিক নামী পুজো।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল, বৃষ্টিজনিত দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, “এই দুর্ঘটনাগুলি অত্যন্ত মর্মান্তিক। সবাইকে অনুরোধ করব, সাবধানে থাকুন। উৎসব আনন্দের হোক, দুঃখের নয়।”
কলকাতার জলমগ্ন পরিস্থিতির জন্য এদিনও ডিভিসি ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন মমতা। তাঁর অভিযোগ, “ডিভিসির জল এসে দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেয়, গঙ্গায় জল জমে থাকে বিহার, ইউপির কারণেও। ফারাক্কা ব্যারেজে ড্রেজিং না হওয়ার জন্যই জলধারণ ক্ষমতা কমেছে।”
তিনি আরও বলেন, “শহরের বেশিরভাগ জায়গা থেকে জল নেমে গেছে। লো ল্যান্ড এলাকায় এখনও কিছুটা জল রয়েছে। সেগুলিও দ্রুত নামানো হবে। তবে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মেট্রোর কাজের সামগ্রী অনেক জায়গায় জল বেরোনোর পথ বন্ধ করে দিয়েছে।”
একই সঙ্গে শহরবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, “পুজোর আনন্দে আমরা যেন কোনওভাবেই সতর্কতা না ভুলে যাই। প্রশাসন রয়েছে, কিন্তু আপনাদের সচেতন থাকাটাই সবচেয়ে বড় দায়িত্ব।”