
ইউসুফ পাঠান, মমতা বন্দ্যোপাধ্যায়, অধীন চৌধুরি
শেষ আপডেট: 8 June 2024 19:35
দ্য ওয়াল ব্যুরো: চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যে প্রত্যাশা ছাপিয়ে ফল করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার ৪২আসনের মধ্যে ২৯টিতেই জয় ছিনিয়ে এনেছে ঘাসফুল শিবির। শনিবার দলের নব নির্বাচিত সাংসদ ও দলীয় নেতৃত্বের সঙ্গে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের ভূয়সী প্রশংসা করেন নেত্রী। 'জায়ান্ট কিলার' তকমা দেন মমতা।
এদিনের বৈঠকের শুরুতেই বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে হারানোর প্রশংসা করেন মমতা। ইউসুফকে দেখা মাত্রই উচ্ছ্বসিত দলনেত্রী বলেন, 'পাঠান সত্যিই লড়াকু। ও জায়ান্ট কিলার।'
শুধু ইউসুফই নয়, হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে হারানোর জন্য তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন মমতা। যাঁরা লড়াই করে শেষ পর্যন্ত সানান্য ভোটে হেরে গিয়েছেন, এদিনের বৈঠকে তাঁদেরকেও কুর্নিশ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। যার মধ্যে সুজাতা মণ্ডলের নাম উল্লেখ করেছেন বলে তৃণমূল সূত্রের খবর।
গুজরাতের বরোদার বাসিন্দা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুরের প্রার্থী করে চমকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'মোদী, আমিত শাহর পর দিদিও প্রার্থী আনছেন গুজরাত থেকে', কটাক্ষ করে বলেছিলেন অধীর চৌধুরী। বাঁকা মন্তব্য এসেছিল কংগ্রেসের জোটসঙ্গী বামেদের তরফেও। 'ভবিষ্যতে হলিউড থেকে প্রার্থী আনা হবে', বলে প্রতিক্রিয়া দেন মহম্মদ সেলিম। অন্যদিকে প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যাকে ধন্যবাদ জানিয়েছিলেন ইউসুফ। সমস্ত কটাক্ষকে উপেক্ষা করে বহরমপুরে লাগাতার প্রচার করে গিয়েছেন তিনি।
ভোটের মার্কশিটে প্রথম থেকেই ছক্কা হাঁকান ইউসুফ। গণনার প্রথম রাউন্ড থেকেই পিছিয়ে পড়েন অধীর চৌধুরী। শেষ পর্যন্ত বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে প্রায় ৫৫ হাজার ভোটে হারান তিনি।