
শেষ আপডেট: 9 March 2024 21:30
দ্য ওয়াল ব্যুরো: গত পাঁচ-সাত বছর ধরে রাম নবমী-র উৎসবকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবে আন্দোলিত বাংলায়। গত বছর রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার ঘটে গিয়েছিল কোথাও কোথাও। লোকসভা ভোটের আগে সেই রাম নবমীতে এবার ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন।
লোকসভা ভোটের আগে এবার পুরোদস্তুর হিন্দু আবেগ উস্কে দিতে নেমেছে বিজেপি। জানুয়ারির ২২ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা হয়েছে। লোকসভা ভোটের আগে সেটাই এখন নরেন্দ্র মোদী প্রচারের অন্যতম বিষয়। বাংলায় আবার বিজেপিতে দেখাতে চায় যে রাজ্যে শাসক দল রাম-বিরোধী। সেই কারণেই রাম নবমীর মিছিলে বাধা দেওয়া হয়।
এমনিতে স্থানীয় আবেগের কথা মাথায় রেখে সরকারি ছুটি ঘোষণার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দরাজ। মতুয়া সম্প্রদায়ের আবেগকে সম্মান জানিয়ে গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনেও ছুটি ঘোষণা করা হয়েছে। এবার রাম নবমীতে ছুটি ঘোষণা করা হল।
এ বছর রাম নবমী পড়েছে এপ্রিল মাসের ১৭ তারিখ। ওই দিন রাজ্যে ছুটি থাকবে। তার আগে পয়লা বৈশাখেও ছুটি থাকবে সরকারি অফিস কাছারি। অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি আবার একটানা তিন দিন ছুটির সুযোগ তৈরি হচ্ছে।