
শেষ আপডেট: 9 March 2024 10:54
দ্য ওয়াল ব্যুরো: শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্তে নেমে এখন ঘন ঘন সন্দেশখালিতে যাওয়া শুরু করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা। তা নিয়ে গোটা এলাকায় উৎসাহ ও আগ্রহও তৈরি হয়েছে। এহেন পরিস্থিতিতে রাতারাতি সন্দেশখালি থানার ওসি বদল করে দিল প্রশাসন।
শনিবার সকালে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন বসিরহাট পুলিশ জেলার সুপার হাসান মেহেদী রহমান। তাতে জানানো হয়েছে, সন্দেশখালি থানায় বর্তমানে যে ওসি ছিলেন, সেই বিশ্বজিৎ সাঁপুইকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বসিরহাট থানায়। আর বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি গোপাল সরকারকে পাঠানো হচ্ছে সন্দেশখালিতে।
আবার বাদুরিয়া থানার বর্তমান ওসি প্রশান্ত মন্ডলকে পাঠিয়ে দেওয়া হচ্ছে হেমনগর কোস্টাল থানায়। তাৎপর্যপূর্ণ ভাবে বসিরহাট পুলিশ জেলায় আইনশঙ্খলার দায়িত্বে চার জন চার জনকে সাব ইন্সপেক্টরকেই সরিয়ে দেওয়া হচ্ছে। তাঁরা হলেন, জয়ন্ত ঘোষ, তাপস কান্নার, শৈলেন্দ্র মিস্ত্রি ও রাজু মণ্ডল। এঁদের বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।
সন্দেশখালির পরিস্থিতি আগের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে। তার পরেও হঠাৎ করে এই রদবদল নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনেকের মতে, এর দুটি কারণ থাকতে পারে শাহজাহান কাণ্ডে সিবিআই যেরকম তৎপর তাতে কিছু পুলিশ অফিসারকে কৌশলে সাইডলাইন করে দেওয়া হচ্ছে। দ্বিতীয় কারণ হতে পারে ভোট সংক্রান্ত। সম্প্রতি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছিল। সেই সময়ে সন্দেশখালির ঘটনা নিয়ে কমিশন যেরকম বিরক্তি প্রকাশ করেছে, তাতে আশঙ্কা রয়েছে যে ভোটের আগে বসিরহাট পুলিশ জেলায় রদবদল করে দেবে কমিশন। তাই আগে থেকে স্থানীয় প্রশাসনই তা করে দিল।