
শেষ আপডেট: 4 April 2023 13:35
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই দিল্লি মেট্রোয় (Delhi Metro) এক তরুণীর ভিডিও ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। সেই ভিডিওতে তরুণীকে একটি ব্রালেট এবং মাইক্রো মিনি পরে মেট্রোয় সফর করতে দেখা গিয়েছিল। আজব ডেসিং সেন্স দেখে অনেকেই তরুণীকে 'দিল্লির উরফি জাভেদ' (Uorfi Javed) বলে দাবি করেছিলেন। নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রূপ এবং কটূক্তির শিকার হওয়ার পর তরুণী জানিয়েছিলেন, তিনি যা খুশি পোশাক পরতে পারেন। কিন্তু তার পরেই এই বিষয়ে একটি বিবৃতি দিয়ে নিজেদের মত জানাল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। তাতে জানানো হয়েছে, মেট্রোয় সফর করা যাত্রীরা সামাজিক শিষ্টাচার ও পোশাকবিধি মেনে চলবেন বলে আশা করা হচ্ছে।
৩১ মার্চ টুইটারে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে, দেখা যায় দিল্লির এক মেট্রোয় কোলে ব্যাগ নিয়ে বসে আছে এক তরুণী। তবে, তিনি সিট ছেড়ে উঠতেই দেখা যায় তাঁর পরনে একটি ব্রা এবং মাইক্রো মিনি স্কার্ট। ভিডিওর ক্যাপশনে লেখা ‘না, ইনি উরফি নন’। ঝড়ের বেগে ছড়িয়ে পড়া এই টুইটে আছড়ে পড়ে প্রচুর মন্তব্য।
https://twitter.com/NCMIndiaa/status/1641809431649468416?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1641809431649468416%7Ctwgr%5Ea337b450aabdb257067d07ecb066e68ed89ac91a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews%2Fwoman-dressed-like-urfi-javed-in-delhi-metro-viral%2F
অনেকেই ব্যঙ্গ এবং কটূক্তি ছুড়ে দিয়েছিলেন তরুণীর উদ্দেশে। নারী স্বাধীনতার অপব্যবহার করছেন তিনি, এমন মন্তব্যও ধেয়ে এসেছিল। পাশাপাশি, নেহাতই মনোযোগ আকর্ষণের জন্য এমন পোশাক বেছে নিয়েছেন তিনি, এমনও অভিযোগ উঠেছিল অনেকের তরফ থেকেই।
সেই বিষয়েই এবার বিবৃতি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানাল, 'দিল্লি মেট্রোরেল কর্তৃপক্ষ আশা করে, যাত্রীরা সেই সমস্ত শিষ্টাচার এবং নিয়ম-নীতি মেনে চলবেন যা সামাজিকভাবে গ্রহণযোগ্য। যাত্রীদের এমন কোনও কাজ করা উচিত নয় বা এমন কোনও পোশাক পরা উচিত নয়, যা অন্য যাত্রীদের অনুভূতিতে আঘাত করবে।'
তবে, এই বক্তব্যের সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে দিল্লির ওই তরুণীর সমর্থনেও সুর চড়িয়েছেন অনেকে। অনুমতি না নিয়ে ছবি তোলায় তাঁর গোপনীয়তা ভঙ্গ হয়েছে বলে দাবি কিছু নেটিজেনের। স্বাধীন দেশে নিজের মনের মতো পোশাক পরার অধিকার সকলেরই রয়েছে বলে মনে করছেন তাঁরা।
ঘটনার পর বিবৃতি দিয়েছিলেন রিদম চানানা নামে ওই তরুণী। তিনি জানান, 'এটা আমার স্বাধীনতা, আমি কী পরব। লোকে কী বলল, তা নিয়ে আমি মাথা ঘামাই না। বিখ্যাত হওয়ার জন্য বা কারও মনোযোগ আকর্ষণের জন্য আমি কিছু করিনি।'
ব্রা এবং মাইক্রোমিনি পরে মেট্রোয় তরুণী! ‘দিল্লির উরফি’কে নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায়