
নিহত যুবক
শেষ আপডেট: 13 February 2025 11:47
দ্য ওয়াল ব্যুরো: দত্তপুকুরের খুনের ঘটনায় এবার ভিন রাজ্য থেকে গ্রেফতার হল মূল অভিযুক্ত। জম্মু-কাশ্মীর থেকে জলিল নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। খুনের পর সে কাশ্মীরে পালিয়ে গেছিল এবং ধরা পড়ার ভয়ে বিভিন্ন জায়গায় ঘুরছিল বলে জানতে পেরেছিল পুলিশ। সেই সূত্র ধরেই অবশেষে সাম্বা থেকে জলিলকে পাকড়াও করে তারা।
হজরত লস্কর নামে এক যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছিল দত্তপুকুরে। তার মাথার খোঁজ এখনও না মিললেও পরপর একাধিক গ্রেফতারি হল। এর আগে গ্রেফতার করা হয়েছে নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রীকে। পুলিশ সূত্রে দাবি ছিল, তাঁর স্ত্রী-র সঙ্গে নিহত হজরতের অবৈধ সম্পর্ক ছিল। সেটাই জানতে পেরে খুন করেন তিনি। এবার মূল অভিযুক্তও গ্রেফতার।
ধৃত জলিল কাশ্মীর জুড়ে ভাঙাচোরা জিনিসপত্র কেনাবেচার কাজ শুরু করেছিল। বুধবার বিকেলে তার সন্ধান পেয়ে সাম্বায় যায় পুলিশ। তারপর রীতিমতো তাড়া করে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবারই তাকে সাম্বা আদালতে তোলা হবে এবং ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত মৃত যুবকের মাথার কোনও খোঁজ পায়নি পুলিশ। তবে মনে করা হচ্ছে, জলিলকে জেরা করেই সবটা জানা যাবে।
মৃত যুবকের পরিচয় জানতে 'বাঁ হাত'-এর ওপর ভরসা করেছিল পুলিশ! সেই হাতের ট্যাটু দেখিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল। অবশেষে সেই সূত্র ধরেই তার পরিচয় জানা যায়। দত্তপুকুর থানার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিতপুর এলাকার একটি ফাঁকা জমিতে মুন্ডুহীন দেহ দেখতে পান কৃষকেরা। তাঁর গোটা শরীরে ক্ষতচিহ্ন ছিল। উপড়ে নেওয়া হয়েছিল যৌনাঙ্গ! মৃতের হাত-পাও বাঁধা ছিল। ঘটনাস্থল থেকে রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেটও খুঁজে পায় পুলিশ।
দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে সামনে থেকে গলা কেটে খুন করা হয় ওই যুবককে। তার আগে হাত-পা বেঁধে দেওয়া হয়েছিল।