
প্রকাশিত ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন (প্রতীকী ছবি)
শেষ আপডেট: 28 June 2024 20:08
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন। চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশের দিনই পর্ষদের তরফে ২০২৫ সালের পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই রুটিন খানিকটা বদল করা হয়েছে। শুক্রবার নতুন করে ঘোষণা করা হল আগামী বছরের মাধ্যমিকের পূর্ণাঙ্গ রুটিন।
আগামী বছর ১০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পূর্ণ রুটিন জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাহলে কবে কোন পরীক্ষা এক নজরে দেখে নেওয়া যাক-
১০ ফেব্রুয়ারি- প্রথম ভাষা
১১ ফেব্রুয়ারি - ইংরেজি
১৫ ফেব্রুয়ারি - অঙ্ক
১৭ ফেব্রুয়ারি - ইতিহাস
১৮ ফেব্রুয়ারি - ভূগোল
১৯ ফেব্রুয়ারি - জীবন বিজ্ঞান
২০ ফেব্রুয়ারি - ভৌতবিজ্ঞান
২২ ফেব্রুয়ারি - ঐচ্ছিক বিষয়ের
২০২৪ সালের মাধ্যমিক শেষ হওয়ার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । সে সময় শিক্ষামন্ত্রী ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন জানিয়েছিলেন। জানা যায়, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। যদিও পরে তা চূড়ান্ত নয় বলেই জানিয়েছিল পর্ষদ।
এবার ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রিভিউ এবং স্ক্রুটিনির ফলপ্রকাশের পর নতুন রুটিন ঘোষণা করল পর্ষদ। তাতে আগের পরীক্ষাসূচির চেয়ে চারদিন এগিয়ে এল পরীক্ষা। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি একই দিনে পড়েছে পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী এবং সবেবরাত। তাই দু’দিন সরকারি ছুটি রয়েছে। সেই কারণে নতুন সূচি অনুযায়ী ইংরেজি ও অঙ্ক পরীক্ষার মধ্যে তিনদিন ছুটি রয়েছে ৷
এদিকে, স্ক্রুটিনির পর চলতি বছরের মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে আরও ৭ জন। এবার সেরা ১০-এ প্রথমে ছিল ৫৭ জন পড়ুয়া । এবার আরও ৭ জন বেড়ে তা হয়েছে ৬৪ জন ।
চলতি বছর মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ। গত বছরের তুলনায় বেড়েছে পাশের হার। এবার মোট ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী মাধ্যমিকে বসেন। তাঁদের মধ্যে পাশ করেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন।