
শেষ আপডেট: 13 January 2024 09:24
দ্য ওয়াল ব্যুরো: দু'সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি করা হল মদন মিত্রকে। তবে এসএসকেএম নয়, এবার তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।
হাসপাতাল সূত্রের খবর, কামারহাটির বিধায়কের শরীরে হিমোগ্লোবিন অত্যন্ত কমেছে। মাঝেমধ্যে জ্ঞানও হারাচ্ছেন। রাতেই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এই মুহূর্তে মদন মিত্রকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরিবার সূত্রের খবর. শুক্রবার সকাল থেকে আচমকা তাঁর শারীরিক অবনতি শুরু হয়। সন্ধেয় তাঁকে বাইপাসের একটি হাসপাতালে ভর্তি করেন পরিজনেরা।
এর আগে গত ৪ ডিসেম্বর রাতে শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমের হাসপাতালে ভর্তি করা হয় মদনকে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। সূত্রের খবর, আইসিইউ-তে থাকাকালীনই তাঁর খিঁচুনি শুরু হয়। সে সময়েই খিঁচুনির কারণে শয্যার পাশে যে রেলিং থাকে, তাতে বিধায়কের বাঁ হাতে আঘাত লাগে এবং তাঁর বাঁ কাঁধের একটি হাড় ভেঙে যায়।
গত ১৩ ডিসেম্বর মদনের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। মদনের বাঁ কাঁধে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে। পর্যবেক্ষণের পর গত২৬ ডিসেম্বর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল কামারহাটির বিধায়ককে।
সেদিনে ট্রলিতে করে হাসপাতাল থেকে বেরনোর সময় খুব ক্ষীণ স্বরে মদন মিত্র জানিয়েছিলেন, "শরীরটা ভাল নেই।" চিকিৎসকরা জানিয়েছিলেন, কামারহাটির বিধায়কের অস্ত্রোপচার সফল হলেও এখন বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের বেঁধে দেওযা, ডায়েট।