ভুটান এখন আরও কাছে! সোমবার থেকে শুরু হয়েছে কলকাতা-ভুটান সরাসরি বিলাসবহুল এসি ভলভো বাস পরিষেবা। জয়গাঁ, ডুয়ার্স হয়ে ভুটান পর্যন্ত এই যাত্রা পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠছে।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 13 November 2025 12:49
দ্য ওয়াল ব্যুরো: ভুটান এখন আরও কাছে, ডুয়ার্স-ভুটান ট্যুরে বাড়তি সুবিধা! জয়গাঁ থেকে কলকাতা, শুরু হল বিলাসবহুল এসি ভলভো বাস পরিষেবা। শীতাতপ নিয়ন্ত্রিত, স্লিপার ও বায়ো-টয়লেটের সুবিধা পাওয়া যাবে। জয়গাঁ থেকে সরাসরি আসবে কলকাতায়।
জয়গাঁ শহরে পৌঁছলেই চোখে পড়বে ভুটান গেট, আর তার ওপারেই ড্রাগনের দেশ- ভুটানের ফুন্টশোলিং শহর।
সোমবার থেকে শুরু হওয়া এই নতুন রুটে আপাতত চলছে দু'টি বাস। একটির যাত্রা শুরু হচ্ছে বিকেল ৪টেয় জয়গাঁ থেকে, যা পৌঁছচ্ছে কলকাতার ধর্মতলায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ। অপর বাসটি ধর্মতলা থেকে ছাড়ছে সোমবার বিকেলে, আর মঙ্গলবার সকালে পৌঁছচ্ছে জয়গাঁয়।
যাত্রাপথে মিলবে ডুয়ার্সের মনোরম দৃশ্য, জলদাপাড়া, বীরপাড়া, নাগরাকাটা, চালসা, লাটাগুড়ি, ময়নাগুড়ি, এরপর শিলিগুড়ি বাইপাস হয়ে নৌকা ঘাট, সেখান থেকে কলকাতার পথে বাস। জানলার ধারে বসে দেখা মিলবে চা-বাগানের সবুজ গালিচা, ঘন জঙ্গল। ভাগ্য ভাল হলে চোখে পড়তে পারে হাতি, বাইসন বা এমনকি গণ্ডারও!
পর্যটন ব্যবসায়ীদের মতে, এই নতুন রুটে বাস পরিষেবা ডুয়ার্স এবং ভুটানের পর্যটনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
৩৬ আসনের এই বিলাসবহুল বাসে জয়গাঁ থেকে কলকাতার ভাড়া নির্ধারিত হয়েছে ২,০০০ টাকা। সমস্ত টিকিট অনলাইনেই বুক করা যাবে। যাত্রীদের সুবিধার্থে পথে নতুন কিছু স্টপেজও সংযোজনের পরিকল্পনা রয়েছে।
এখন থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি পৌঁছে আলাদা করে গাড়ি ভাড়া করার ঝক্কি নেই। শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে থামবে এই বাস, যেখান থেকে সরাসরি উঠতে পারবেন পর্যটকরা। বাসেই মিলবে খাবার ও উন্নত নানা পরিষেবা।
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সভাপতি সম্রাট স্যান্যাল বলেন, “ভুটান বা ডুয়ার্সে বেড়াতে যাওয়ার কথা ভাবলেই অনেকেই ট্রেনের টিকিট আর গাড়ি ভাড়ার চিন্তায় পিছিয়ে যান। এখন আর সেই চিন্তা নেই। এই বাস পরিষেবার ফলে পর্যটকদের যাত্রা আরও সহজ, আরামদায়ক ও নির্ভরযোগ্য হয়ে উঠবে।”