আবহবিদদের মতে, এ বছরের শীতে অপ্রত্যাশিতভাবে বড় প্রভাব ফেলছে নিম্নচাপ। বর্ষাকালে যে নিম্নচাপ ডেকে আনে টানা বৃষ্টি আর দুর্যোগ, শীতের মরশুমে সেই একই নিম্নচাপই তৈরি করেছে কনকনে ঠান্ডা আবহাওয়া।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 6 January 2026 17:40
দ্য ওয়াল ব্যুরো: কনকনে ঠান্ডা (West Bengal Weather Update) কাকে বলে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে বাঙালি। চলতি বছরের জানুয়ারি মাস রেকর্ড করেছে তাপমাত্রা পতনে। মঙ্গলবার মরশুমের শীতলতম দিন (Kolkata's Coldest Day), কলকাতায় পারদ ১০ ডিগ্রির ঘরে। এই অবস্থায় আরও ঠান্ডা পড়ার আভাস মিলল! কারণ - নিম্নচাপ (Low Depression)।
গত কয়েকদিন ধরে আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাসে বারবার উঠে এসেছে উত্তুরে হাওয়ার কথা। এই হাওয়াই বাংলার শীতের পারদ (West Bengal Weather) আরও উচ্চতায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই - হঠাৎ করে এত প্রবল হাওয়া আসছে কোথা থেকে?
এই প্রশ্নের উত্তর পেতে দ্য ওয়াল যোগাযোগ করেছিল পরিবেশবিজ্ঞানী (Environmental Scientist) প্রফেসর স্বাতী নন্দী চক্রবর্তীর (Swati Nandi Chakraborty) সঙ্গে। তিনি বলেন - পৌষ মাসে এমনিতেই হালকা বৃষ্টিপাতের (Rainfall) সম্ভাবনা থাকে। আর এবার তো বৃষ্টি হওয়ার আগেই এত তাপমাত্রা নেমে গেছে, ফলে প্রভাব তো পড়বেই। তাঁর কথায়, এখন বৃষ্টি হলে বাতাসে আদ্রতা আরও বাড়বে, রোদও ভাল করে পাওয়া যাবে না, ফলে সকলকে সাবধানে থাকতে হবে।
সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের (Bay of Bengal) ওপর তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ। আবহাওয়াবিদরা মনে করছেন, এর কারণে কিছুটা হলেও তাপমাত্রার পতন হতে পারে বঙ্গে। আবহবিদদের ব্যাখ্যা অনুযায়ী, এই নিম্নচাপটি বাংলার (West Bengal) অনেকটা দূরে অবস্থান করছে। ফলে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং শুষ্ক উত্তুরে হাওয়াই আগামী কয়েকদিন আবহাওয়ার নিয়ন্ত্রণে থাকবে।
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটা কিছুটা আলাদা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের নীচের দিকের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলাগুলিতে তুষারপাতের ইঙ্গিতও দেওয়া হয়েছে।
মঙ্গলবার কলকাতা সাক্ষী থেকেছে প্রায় দেড় দশকের মধ্যে অন্যতম শীতল দিনের। একাধিক পুরনো রেকর্ড কার্যত ভেঙে পড়েছে। একই ছবি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়েও। ঘরের বাইরে পা রাখলেই শরীরের ভিতর দিয়ে যেন হিমস্রোত বয়ে যাচ্ছে। এই উত্তুরে হাওয়ার পিছনে মূল চালিকাশক্তি সেই বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ।
তাপমাত্রার ছবিটাও কার্যত শিউরে ওঠার মতো। দমদমের (Dum Dum) সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কম। আসানসোলে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৭.৮ ডিগ্রি, ডায়মন্ডহারবারে ৯.৪ ডিগ্রি, দিঘায় ৯.৮ ডিগ্রি, মালদহে ৯.৭ ডিগ্রি। সবচেয়ে ঠান্ডা পড়েছে শ্রীনিকেতনে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা (Temperature in Sriniketann) মাত্র ৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। এই অঞ্চলে শীত যেন পুরোদমে ‘পাওয়ার প্লে’তে খেলছে।