দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ মঙ্গলবারই পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে। আগামী বুধবার তা শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল।

ফাইল ছবি।
শেষ আপডেট: 21 October 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির পর ভাইফোঁটাতেও আকাশ থাকবে ঝকঝকে। তবে আনন্দ শেষ হতে না হতেই বদলে যাবে হাওয়ার রং। বঙ্গোপসাগরে ঘনিয়ে আসছে নিম্নচাপ (Low pressure in the Bay of Bengal), যার জেরে উইকেন্ডে (Weather Update) নামতে পারে ঝমঝমে বৃষ্টি, সঙ্গী থাকবে বজ্রপাতও।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ মঙ্গলবারই পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে। আগামী বুধবার তা শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, “দীপাবলির মতো ভাইফোঁটাতেও রাজ্যের আকাশ ঝলমলে থাকবে। কোথাও কোথাও সকালে সামান্য কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে।”
২৪ অক্টোবর শুক্রবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই থাকবে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস। রবিবার ও সোমবারও একই ছবি। দক্ষিণা বাতাস ও পশ্চিমী ঝঞ্ঝার সংস্পর্শেই বাড়বে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের পাহাড়-ভূমিতেও শীত আসার আগে শেষ বৃষ্টির মেজাজ। শুক্রবার থেকেই দার্জিলিং ও কালিম্পং-এ শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার ও রবিবার বৃষ্টি বাড়বে জলপাইগুড়ি ও মালদহে। সোমবার থেকে উত্তরবঙ্গের সবক’টি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। ফলে আনন্দোৎসবের শেষে সপ্তাহান্তে ঘর থেকে বেরতে গেলে সঙ্গে রাখুন ছাতা।