কোয়ারেন্টাইনের ওয়াইন-প্রেম! নীচের তলায় গ্লাস আর ওপর তলায় বোতল, তার পর...
দ্য ওয়াল ব্যুরো: এমনও হয় বুঝি কোয়ারেন্টাইনে!
নীচের তলার জানলায় হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে এক তরুণী, সম্ভবত স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে সম্মান জানাতে বেরিয়ে এসেছেন। আর ওপর তলার জানলায় এক তরুণ। ওপর থেকে সেই তরুণ ওয়াইন ঢেলে দিলেন নীচে, নীচের তলার
শেষ আপডেট: 6 April 2020 03:00
দ্য ওয়াল ব্যুরো: এমনও হয় বুঝি কোয়ারেন্টাইনে!
নীচের তলার জানলায় হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে এক তরুণী, সম্ভবত স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে সম্মান জানাতে বেরিয়ে এসেছেন। আর ওপর তলার জানলায় এক তরুণ। ওপর থেকে সেই তরুণ ওয়াইন ঢেলে দিলেন নীচে, নীচের তলার তরুণীর গ্লাস ভরে উঠল ওয়াইনে। মদিরার সঙ্গে মহব্বতও ভেসে এল কিনা তা নিশ্চিত ভাবে জানা না গেলেও, ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে শনিবারের এই ভিডিও।
নেটিজেনরা বলছেন, ভালবাসা আসলে কোনও সীমানা মানে না। নীচের তলার মেয়েটির উচ্ছলতা, স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের ভঙ্গি দেখে প্রেমে পড়ে যান ওপর তলার তরুণ। তার পরেই স্বতঃস্ফূর্ত ভাবে অফার করেন ওয়াইন। ততোধিক স্বতঃস্ফূর্ত ভাবে হাতের গ্লাসটা বাড়িয়ে দেন নীচের তরুণী। কায়দা করে নিয়ে নেন সবটুকু ওয়াইন।
সম্ভবত নীচ থেকে রাস্তার পথচলতি কেউ ভিডিওটি তোলেন এবং তা পোস্ট করেন। কিছুক্ষণের মধ্যেই ৫৫ হাজার লাইক হয়ে যায় ভিডিওটি। ৫০০ হাজার জন দেখে ফেলেছেন এই দৃশ্য। রিটুইট করেছেন সাড়ে ছ'হাজার জন।
দেখুন সেই আশ্চর্য ঘটনার ভিডিও।
https://twitter.com/philsince87/status/1246280534822551552
কয়েক দিন আগে এই ধরনেরই আরও এক কোয়ারেন্টাইন-প্রেমের সাক্ষী হয়েছিল আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিনে। মার্কিন মুলুকে সবথেকে বেশি করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা এই শহরেই। আর তাই গোটা শহরই রয়েছে কোয়ারেন্টাইনে। এমনই অবস্থায় নিজের বাড়ির ব্যালকনি থেকে পাশেই আর একটা বাড়ির ছাদে এক তরুণীকে নাচতে দেখেছিলেন পেশায় ফটোগ্রাফার জেরেমি কোহেন। তবে সেটা যে এতদূর গড়াবে তা ভাবেননি তিনি।
তিনি বলেন, “প্রায় এক বছর হল আমি কারও সঙ্গে ডেটে যাইনি। এই সময়ের মধ্যে কারও সঙ্গে সম্পর্কও হয়নি। তাই যখন মেয়েটিকে ছাদে নাচতে দেখেছিলাম, খুব ভাল লেগেছিল। আমি হাত নাড়তেই মেয়েটিও হাত নাড়ল। আর তখনই আমার মাথায় একটা বুদ্ধি এল।”

একটা কাগজে নিজের ফোন নম্বর লিখে সেটা নিজের ড্রোনের সঙ্গে আঁটকে ড্রোনটিকে ওই তরুণীর ছাদে পাঠান জেরেমি। তরুণীও নিজের ফোন থেকে ফোন করেন জেরেমিকে। আর তারপরেই তাঁকে সোজা ডিনার ডেটের প্রস্তাব দিয়ে দেন জেরেমি। তিনি রাজিও হয়ে যান। জেরেমি জানতে পারেন তরুণীর নাম টরি সিগনারেলা।
কোয়ারেন্টাইনে থাকাকালীন ডিনার ডেট কী ভাবে হবে? সেই সমস্যারও সমাধান করে ফেলেন তাঁরা দু’জনে। নিজের নিজের ছাদে ডিনার নিয়ে বসে ভিডিও কলেই হয়ে যায় ডেট। আর এরপরেই ড্রোনের মাধ্যমে ডেটের প্রস্তাব পাঠানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন জেরেমি। মুহূর্তেই তা ভাইরাল। সবাই মজেন এই প্রেমকাহিনিতে।
এবার ছাপিয়ে গেল ড্রোন-প্রেমও। ওপর থেকে নীচে সরাসরি স্থাপিত হল কোয়ারেন্টাইনের ওয়াইন-কানেকশন।