
শিয়ালদহ ডিভিশন।
শেষ আপডেট: 5 June 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো: রেল যাত্রীদের জন্য দুঃসংবাদ। এবার টানা সাড়ে তিন শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ-বনগাঁ শাখায় বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ থাকবে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হচ্ছে। সেগুলি শিয়ালদহর পরিবর্তে দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে।
বুধবার মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে কোন কোন ট্রেন বন্ধ থাকবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। এ ব্যাপারে নিজের নিকটবর্তী স্টেশন থেকে জেনে নেওয়ার কথা বলা হয়েছে।
রেলের দাবি, ১ জুলাই থেকে শিয়ালদহ শাখার সমস্ত লোকাল ট্রেন ১২ বগির হয়ে যাবে। এদিকে শিয়ালদহর ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম ১২ বগির ট্রেন দাঁড়ানোর মতো দৈর্ঘ্যে ততটা বড় নয়। ওই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কারণেই বুধবার মধ্যরাত থেকে টানা সাড়ে তিন দিন কিছু লোকাল ট্রেন বাতিল এবং কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল।
পূর্ব রেলের শিয়ালদহ শাখায় তিনটি লাইনের ট্রেন যাতায়াত করে— শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ মেন অর্থাৎ শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর এবং শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ-বনগাঁ বিভাগ। এর মধ্যে শিয়ালদহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে ১২ বগির করে দেওয়া হলেও বাকি দুই বিভাগের সব ট্রেন ১২ বগির ছিল না। বরং বেশির ভাগ ট্রেন ছিল ৯ কামরার।
কিন্তু শিয়ালদহের এই দুই শাখায় ট্রেনে যে পরিমাণ ভিড় হয়, তাতে ন’বগির ট্রেনে যাত্রীদের অসুবিধা বেড়েই চলেছিল। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে পূর্ব রেল কর্তৃপক্ষ কামরার সংখ্যা বৃদ্ধির কথা ভাবলেও তা বাস্তবায়িত করা সহজ ছিল না। কারণ, ট্রেনের কামরা বাড়লে ট্রেনের দৈর্ঘ্য বাড়বে। অথচ শিয়ালদহের এই দুই বিভাগের সমস্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্যে ততটা বড় নয়। তাই প্রথমে প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বাড়ানো কাজ শুরু হয়। পাশাপাশি চলতে থাকে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং সংক্রান্ত নানা কাজও।
রেল জানিয়েছে, শিয়ালদহ শাখা পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন, তাই এই কাজ সহজ ছিল না। মাঝে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ মার্চ ভোর পর্যন্ত এবং ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন বাতিল ও কয়েকটির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছিল। এবার ৬ জুন থেকে ৯ জুন দুপুর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হল।