
শেষ আপডেট: 30 October 2023 16:42
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: অঙ্গনওয়াড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল অন্তত ১২ জন শিশু। পুজোর ছুটি শেষে স্কুল খোলার পরে এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ছাতনায়। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থ ওই শিশুদের। চিকিৎসা শুরুর পর তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
পুজোর ছুটির পর সোমবার থেকে খুলে গিয়েছে রাজ্য সরকারি স্কুল। ছাতনা ব্লকের বাঁদরডিহা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিও খুলে গিয়েছে। এদিন আশেপাশের শিশুরা স্কুলে এসেছিল। তাঁদের জন্য তৈরি হয়েছিল খিচুড়ি। সেই খিচুড়ি খেয়ে আচমকা অসুস্থ হয়ে পড়তে থাকে শিশুরা। ১২ জন শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়লে সরবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই শিশুদের বয়স ২ থেকে ৩ বছরের মধ্যে।
কিন্তু খাবারে কিভাবে বিষক্রিয়া হল তা খুঁজে দেখতে গিয়ে চমকে যান গ্রামবাসীরা। তাঁরা দেখেন রান্না করা খিচুড়িতে একটি মরা টিকটিকি পড়ে রয়েছে। আর তা থেকে এই বিষক্রিয়া হয়েছে বলে গ্রামবাসীদের অনুমান।
স্থানীয় আধিকারিক নীলাঞ্জন মুখোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। তবে ঘটনার পর থেকে আইসিডিএস সেন্টারগুলির রান্নাঘরে পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠছে।