
শেষ আপডেট: 14 March 2024 19:18
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল বামফ্রন্টের প্রথমদফার প্রার্থী তালিকা। বৃহস্পতিবার সন্ধেয় ১৬ জন প্রার্থীর নাম প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাৎপর্যপূর্ণভাবে ১৬ জনের মধ্যে ১৪টিই নতুন মুখ।
এর মধ্যে ১৩টি আসনে সিপিএম এবং বাকি তিনটি আসনে শরিকদল আরএসপি, সিপিআই এবং ফরওয়ার্ডব্লকের একজন করে প্রার্থীর নাম রয়েছে।
দমদমে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং মেদিনীপুরে সিপিআই নেতা বিপ্লব ভট্ট বাদে বাকি ১৪জনই নতুন। এরা হলেন, কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের নীতিশচন্দ্র রায়, জলপাইগুড়িতে সিপিএমের দেবরাজ বর্মন, বালুরঘাটে আরএসপির জয়দেব সিদ্ধান্ত, কৃষ্ণনগরে সিপিএমের এস এম সাদি।
যাদবপুর থেকে লড়বেন সৃজন ভট্টাচার্য়, কলকাতা দক্ষিণে সায়রা শা হালিম, হাওড়ায় সব্যসাচী চট্টোপাধ্যায়, শ্রীরামপুরে দীপ্সিতা ধর, হুগলিতে মনোদীপ ঘোষ, তমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ায় নীলাঞ্জন দাশগুপ্ত, বিষ্ণুপুরে শীতল কৈবর্ত, বর্ধমান পূর্বে নীরব খান, আসানসোল জাহানার খান।
২০১৬ এবং ২০২১ এর বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছিল বামেরা। একুশের ভোটে বাম কংগ্রেসের জোট সঙ্গী হয়েছিল আইএসএফও। লোকসভায় কি জোট হচ্ছে না?
বিমানের দাবি, "বামফ্রন্টের শরিকদলগুলি ছাড়া অন্য কারও সঙ্গে কোনওদিনই জোট ছিল না। ভোটে লড়ার জন্য আসন সমঝতা হয়েছিল। এবারেও হতে পারে।"
বস্তুত, এদিন রাজ্যের ৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আইএসএফ। তারপরই বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করে। ফলে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়, তবে কি জোট হচ্ছে না?
সিপিএম সূত্রের খবর, কয়েকটি আসনে আসন সমঝতা হতে পারে। সে কারণেই প্রথম দফায় মাত্র ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করা হল। বিমান বলেন, " আশা করছি ২দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। তখন আমরাও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব। ততদিনে বাকিরাও (কংগ্রেস, আইএসএফ) নিশ্চয়ই তাঁদের মত জানিয়ে দেবেন।"
বামেদের প্রার্থী তালিকা প্রকাশ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অবশ্য বলেন, "প্রথমদফার প্রার্থী তালিকা প্রকাশ করল মানেই জোট হচ্ছে না, এমনটা ভাবা ঠিক নয়। স্থানীয়স্তরে আলাপ আলোচনা চলছে। তারই ভিত্তিতে কিছু আসনে সমঝতা হতে পারে।"
অর্থাৎ প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হলেও আসন সমঝতার প্রশ্নে কংগ্রেস এবং সিপিএম দু'পক্ষই যে আশাবাদী তা পরস্পরের বক্তব্য থেকেই স্পষ্ট।