
শেষ আপডেট: 6 July 2022 10:16
দ্য ওয়াল ব্যুরো: রান্নার গ্যাসের (LGP Price Hike) দাম আবার বাড়ল। সিলিন্ডার প্রতি এক ধাক্কায় ৫০ টাকা বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম। ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বুধবার থেকে বাড়ানো হয়েছে নতুন করে।
দাম বৃদ্ধির ফলে কলকাতায় এখন একটি রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য দিতে হবে ১ হাজার ৭৯ টাকা। রান্নার গ্যাসের দাম কলকাতায় ছিল ১ হাজার ২৯ টাকা। দিল্লিতে নতুন দাম হয়েছে ১ হাজার ৫৩ টাকা।
শুধু ১৪.২ কেজি নয়, ৫ কেজির ছোট সিলিন্ডারের দামও বেড়েছে বেশ খানিকটা। ১৮ টাকা বাড়ানো হয়েছে ছোট সিলিন্ডারের দাম।
রান্নার গ্যাসের দাম মে মাস থেকে পরপর তিন বার বাড়ল। গত ৭ মে ৫০টাকা বাড়ানো হয়েছিল এলপিজি সিলিন্ডারের দাম। তারপর ওই মাসেই আবার গ্যাসের দাম বেড়েছিল। ফের বাড়ল বুধবার, এক ধাক্কায় ৫০ টাকা।
রান্নার গ্যাসের দাম বেড়েছে ঠিকই, তবে কিছুটা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম কমেছে ৮.৫০ টাকা।
রান্নার গ্যাসের দাম অনেকদিন আগেই হাজারের গণ্ডি পেরিয়ে গেছে। তাতেও মূল্যবৃদ্ধিতে লাগাম লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং দিন দিন দাম আরও বাড়ছে। যাতে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে। হেঁশেলে যেন আগুন লেগে গেছে। রান্নার গ্যাস ছাড়া হেঁশেল অচল। তা কিনতে মোটা টাকা গুনতে হচ্ছে আমজনতাকে।
আরও পড়ুন: বর্ধমানে রান্নার গ্যাস সিলিন্ডারের ভিতরে ৬ কেজি জল