জনসভায় উপচে পড়া ভিড়ের সামনে দাঁড়িয়ে মিঠুন বলেন, “আপনাদের সঙ্গে আমিও আছি। বুক চিতিয়ে লড়ব। এবার মুখোমুখি লড়াই হবে।” তাঁর এই বক্তব্যে গর্জে ওঠে নেহরু স্টেডিয়াম।

মিঠুন চক্রবর্তী।
শেষ আপডেট: 18 July 2025 21:40
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে বিজেপির রাজনৈতিক সভা (Durgapur Modi Meeting) যেন আগামি বিধানসভা নির্বাচনের রণক্ষেত্রের প্রস্তুতির মঞ্চ হয়ে উঠল। সভামঞ্চে দাঁড়িয়ে বাংলার বর্তমান শাসকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
পুলিশকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, “আমি পুলিশের (Police) প্রতি অনুরোধ করব, আপনারা নিরপেক্ষ (Neutral) থাকুন। বাকিটা বিজেপি কী করতে পারে, দেখুন।”
জনসভায় উপচে পড়া ভিড়ের সামনে দাঁড়িয়ে মিঠুন বলেন, “আপনাদের সঙ্গে আমিও আছি। বুক চিতিয়ে লড়ব। এবার মুখোমুখি লড়াই হবে।” তাঁর এই বক্তব্যে গর্জে ওঠে নেহরু স্টেডিয়াম।
সভায় মিঠুন ছাড়াও উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপির একাধিক নেতা। বক্তব্যে উঠে আসে প্রশাসনের ‘পক্ষপাতিত্ব’ এবং ‘দুর্নীতি’র অভিযোগ। মিঠুনের কণ্ঠে ছিল চ্যালেঞ্জের সুর— “ভয় পেয়েন না, বিজেপি পাশে আছে। আপনারা জবাব দেওয়ার জন্য তৈরি হোন।” এও বলেন, "গুলি চালানোর হলে চালাক। তবে পিছন থেকে না মেরে সামনে থেকে মেরো। এবারের লড়াই শেষ লড়াই ভেবে মাঠে নামতে হবে। শেষ লড়াইয়ে প্রাণ দিয়ে লড়তে হবে।"
রাজনৈতিক মহলের মতে, ২১ জুলাইয়ের আগে রাজনৈতিক ভাবে এই বার্তা তাৎপর্যপূর্ণ। পর্যবেক্ষকদের অনেকের মতে, শাসকদলের 'নিয়ন্ত্রণে' থাকা পুলিশ ও প্রশাসনকে নিশানা করে মিঠুন যেভাবে 'নিরপেক্ষ' থাকার পরামর্শ দিয়েছেন এবং 'দেখুন বিজেপি কী করতে পারে' বলেছেন তাতে স্পষ্ট, ছাব্বিশের ভোটে প্রয়োজনে সরাসরি সংঘাতের পথে হাঁটবে পদ্মশিবির।
মিঠুন ছাড়াও সভামঞ্চে উপস্থিত আছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যপাল সি ভি আনন্দ বোস রয়েছেন প্রথম সারিতে। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার দুই সদস্য, হরদীপ সিং পুরী ও শান্তনু ঠাকুর-সহ দলের অন্যান্য সাংসদ ও বিধায়করা।