কুণালের কটাক্ষ, “ভোট এলেই এমন সফর। মানুষ আর এই ভাঁওতা বিশ্বাস করবেন না।”
_0.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 20 December 2025 10:41
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) রাজ্য সফরের কয়েক ঘণ্টা আগে ফের সুর চড়াল তৃণমূল। শনিবার রানাঘাটে মোদীর সভার আগে কেন্দ্রকে একহাত নিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কটাক্ষ, "ভোট এলেই ‘ডেইলি প্যাসেঞ্জারি’ শুরু করেন প্রধানমন্ত্রী। ড্যামেজ কন্ট্রোল করতেই আবার বাংলায় আসছেন মোদী। কিন্তু খালি হাতেই!”
কুণালের অভিযোগ, ২১ এবং ২৪-এর ভোটের আগেও বড় বড় প্রতিশ্রুতি শোনানো হয়েছিল। কিন্তু বাস্তবে বাংলার প্রাপ্য টাকা মেলেনি। কুণালের কথায়, “১০০ দিনের কাজের টাকা, আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বাংলার প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা দেওয়া হয়নি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন।”
প্রধানমন্ত্রীকে নিশানা করে তৃণমূল মুখপাত্রের আরও অভিযোগ, “টেলিপ্রম্পটারে লেখা ভাষণ পড়তে আসবেন। অথচ বাংলার মানুষের জন্য কিছুই নেই। বাংলা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার— এটাই বিজেপির রাজনীতি।”
রোহিঙ্গা প্রসঙ্গেও কুণালের কটাক্ষ, “বাংলায় নাকি ১ কোটি রোহিঙ্গা লুকিয়ে আছে! একটাও নাম দেখাতে পারেননি।”
মতুয়া সমাজকে নিয়েও বিজেপিকে তুলোধোনা করেন তিনি। কুণালের দাবি, “মতুয়াদের ভুল বুঝিয়েছিল বিজেপি। সিএএ-র নামে বিভ্রান্ত করা হয়েছে। ফর্ম ফিলাপ মানেই আপনি নাগরিক নন, এ কথা মানুষ এখন বুঝতে পারছে। তাই ড্যামেজ কন্ট্রোল করতেই মোদীকে আনতে হচ্ছে।”
কালো টাকা ইস্যু টেনেও কেন্দ্রকে বিঁধেছেন কুণাল। স্মরণ করিয়ে দেন, ২০১৪ সালে ক্ষমতায় এলে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ব্যঙ্গের সুরে যোগ করেছেন, “এখন আবার সরকার বলছে, কালো টাকা বলে কিছুই হয় না।”
অন্যদিকে, সফরের আগে শুক্রবার রাতে সামাজিক মাধ্যম থেকে তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেছেন, বাংলায় তৃণমূল কংগ্রেস লুটপাট ও ভয় দেখানোর সব সীমা ছাড়িয়েছে। তাঁর দাবি, এই পরিস্থিতিতেই রাজ্যের মানুষের মধ্যে বিজেপিকে নিয়ে নতুন করে আশা তৈরি হচ্ছে। পাশাপাশি জানান, রাজ্যে এসে কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প ও উদ্যোগের কথা তুলে ধরবেন তিনি।
রাজনৈতিক মহলের ধারণা, শনিবারের জনসভায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়া হবে। তবে তার আগেই কুণালের কটাক্ষ, “ভোট এলেই এমন সফর। মানুষ আর এই ভাঁওতা বিশ্বাস করবেন না।”