বিষয়টি সবার আগে ব্রেক করেন কুণাল ঘোষ। অরূপ বিশ্বাসের হাতে লেখা চিঠিটি তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেন। কুণালের সেই পোস্ট করা চিঠির বয়ান খুব সাদামাঠা।

কুণাল ঘোষ ও অরূপ বিশ্বাস
শেষ আপডেট: 16 December 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: নীরেন চক্রবর্তী বলতেন, ‘বাংলার বাজারটা’ বেশ ঝঞ্ঝাটের। ‘কী লিখবেন কেন লিখবেন’ বইতে তিনি বাংলার বানানবিধি নিয়ে অনেক কিছু বলে গেছেন। তার পরেও গড়পরতা বাঙালি যে মাতৃভাষাতেই খুব একটা সাবলীল নন, তার প্রমাণ মেলে হরবখত। তার নবতম নমুনা দেখা গেল কুণাল ঘোষের পোস্ট করা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের চিঠিতে (Arup Biswas’s letter to Mamata Banerjee)।
শনিবার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির (Messi in Kolkata) অনুষ্ঠানকে কেন্দ্র করে যে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে মঙ্গলবার সকাল থেকে উথালপাথাল শুরু হয়েছে প্রশাসনের মধ্যে। একদিকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করেছে তদন্ত কমিটি। অন্যদিকে আবার ক্রীড়া দফতর থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়েছেন অরূপ। চিঠিতে অরূপ বলতে চেয়েছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছেন।

কুণাল ঘোষের আগের পোস্ট

কুণাল ঘোষের পরের পোস্ট
বিষয়টি সবার আগে ব্রেক করেন কুণাল ঘোষ। অরূপ বিশ্বাসের হাতে লেখা চিঠিটি তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেন। কুণালের সেই পোস্ট করা চিঠির বয়ান খুব সাদামাঠা। তবে ওই চার লাইনের চিঠি পড়লে দেখা যাবে, বানানবিধি শিকেয় উঠেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিবর্তে লেখা রয়েছে 'ক্রিয়াঞ্জন' (তাঁর হাতের লেখা দেখে যা বোধগম্য হচ্ছে)। প্রথম বাক্যেই ‘পরিপ্রেক্ষিতে’ শব্দটি লিখতে গিয়ে ‘র’ফলা মিস করে তিনি লিখেছেন ‘পরিপেক্ষিতে’। চিঠির শেষে ক্রীড়ামন্ত্রীর পরিবর্তে লেখা রয়েছে ‘ক্রিয়ামন্ত্রী’। শুধু তাই নয়, অব্যাহতি বানানেও আ-কার পড়েনি বলেই মনে যাচ্ছে।
কুণাল পরে আবার একটি পোস্ট করেছেন। তাতে অরূপ বিশ্বাসের স্বাক্ষর করা চিঠি ও মুখ্যমন্ত্রীর অ্যাকসেপ্টেন্স লেটার দুটোই রয়েছে। দেখা যাচ্ছে, এই চিঠিতে ক্রীড়ামন্ত্রী শব্দটির ঠিকঠাক বানানই লেখা রয়েছে। তবে ‘ক্রিয়াঞ্জন’, ‘পরিপেক্ষিতে’ এবং ‘অব্যহতি’ এই তিনটে বানানে ভুল রয়েই গেছে।

আগের চিঠি - পরের চিঠি
এই দুটি চিঠিই আদৌ অরূপ বিশ্বাসের লেখা কিনা তা দ্য ওয়াল যাচাই করে দেখেনি। দুটো চিঠি কুণাল ঘোষই পোস্ট করেছেন। প্রথম চিঠির নীচে অরূপ বিশ্বাসের সইও দেখা যাচ্ছে না। তবে দ্বিতীয় পোস্টে দেওয়া চিঠিটিতে অরূপের সই রয়েছে।
তবে বানানে ভুলভ্রান্তি যাই থাকুক না কেন, অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁকে অব্যাহতি দিয়েছেন। আপাতত ক্রীড়া দফতর তাঁর নিজের অধীনেই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।