ওই নোটে উল্লেখ করা হয়েছে, যুবভারতীর ১৩ ডিসেম্বরের ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পক্ষ থেকে দফতরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর প্রস্তাবকে তিনি সমর্থন করছেন। মুখ্যমন্ত্রীর মতে, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা যথাযথ ও প্রয়োজনীয়।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 16 December 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী স্টেডিয়ামে (Messi at Yuva Bharati Stadium) গত শনিবার ঘটে যাওয়া বিশৃঙ্খলার কাণ্ডে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
নবান্ন সূত্রের খবর, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে অরূপের ইস্তফাপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। তবে ক্রীড়া দফতরের দায়িত্ব এখনই কারও হাতে তুলে দেওয়া হচ্ছে না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া দফতরের দায়িত্ব নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই মর্মে একটি লিখিত নোট জারি হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে।
গত শনিবার যুবভারতীতে মেসির ইভেন্টে (Messi in Kolkata) যে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, শেষমেশ তারই জেরে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একটি চিঠি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তিনি মোটেও বিশৃঙ্খলার দায় নিজের ঘাড়ে নেননি, তবে চিঠিতে জানিয়েছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ ব্যাপারে একটি কমিটি গঠন করে দিয়েছেন, তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছেন।
এরপরই দুপুরে অরূপের ইস্তফাপত্র গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা নোটে উল্লেখ করা হয়েছে, যুবভারতীর ১৩ ডিসেম্বরের ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পক্ষ থেকে দফতরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর প্রস্তাবকে তিনি সমর্থন করছেন। মুখ্যমন্ত্রীর মতে, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা যথাযথ ও প্রয়োজনীয়।
নবান্ন সূত্রের খবর, তদন্ত প্রক্রিয়ায় যাতে কোনও রকম পক্ষপাত বা প্রভাবের অভিযোগ না ওঠে, সে কারণেই এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর দফতরের নথিতে স্পষ্ট করে বলা হয়েছে, আপাতত ক্রীড়া দফতরের বিষয়গুলি সরাসরি মুখ্যমন্ত্রী নিজেই দেখভাল করবেন।
এই সিদ্ধান্তের কপি পাঠানো হয়েছে মুখ্যসচিবের পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের কাছেও। এখন নজর তদন্তের অগ্রগতির দিকে। তদন্ত শেষ হলে ক্রীড়া দফতরের ভবিষ্যৎ রূপরেখা কী হয়, সেদিকেই তাকিয়ে প্রশাসনিক ও ক্রীড়া মহল।
প্রসঙ্গত, যুবভারতী স্টেডিয়ামের (Yuva Bharati chaos) বিশৃঙ্খলার ঘটনায় ইতিমধ্যে কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে শোকজ করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি।
এছাড়াও আইপিএস অনীশ সরকারকে (ডেপুটি পুলিশ কমিশনার) সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে। অন্যদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও অবসরপ্রাপ্ত ডব্লইবিসিএস অফিসার দেবকুমার নন্দনকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও কমিটির সুপারিশ মেনে চার অফিসারের নেতৃত্বে স্পেশ্যাল ইনভেসটিগেশন কমিটি বা সিট গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন- আইপিএস পীযূষ পাণ্ডে, আইপিএস জাভেদ শামিম, আইপিএস সুপ্রতীম সরকার এবং আইপিএস মুরলীধর।