
কুণাল ঘোষ।
শেষ আপডেট: 2 May 2024 18:36
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রক্তদান শিবির থেকে যে ঘটনার সূত্রপাত, তা যে এখনই থামবে না, তৃণমূল তারকা প্রচার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পর পাল্টা সাংবাদিক বৈঠক থেকে তা কার্যত স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ।
প্রকাশ্য মঞ্চে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করে দলের কোপে পড়েছেন কুণাল। খোয়াতে হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ। বৃহস্পতিবার তৃণমূলের তরফে কমিশনে জমা দেওয়া তারকা প্রচার তালিকাতেও নাম নেই কুণালের।
এবিষয়ে জানতে চাওয়া হলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। 'যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে ঘুরে প্রতিটি কেন্দ্রে প্রচার করছেন তাতে তৃণমূল ৩০ থেকে ৩৫টি সিট পাবে' জানিয়ে কুণালের প্রশ্ন, "মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে বাকি বক্তাদের কথা যদি বলেন, তাহলে কয়েকজন সত্যি ভাল বক্তৃতা রাখেন। কিন্তু যে দলের অর্ধেক নেতাকে শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে তিনবার বাথরুমে যেতে হয়, তাদের আবার কীসের লিস্ট?"
খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই, বলেছেন, "শুভেন্দুকে চোর, চিটিংবাজ, দলবদলু, জালিয়াত কে বলে? কুণাল ঘোষ বলেন, দ্বিতীয় কোনও নেতার মুখ থেকে শুনেছেন? স্টার ক্যাম্পেনারদের লিস্টে যাদের নাম রয়েছে, তাদের বাইট বার করতে বলুন। আমি চ্যালেঞ্জ করে বলছি।"
বিরোধীদের আক্রমণ করতে গিয়ে অনেক সময় তিনি যে ব্যক্তি আক্রমণের পর্যায়েও পৌছে যেতেন তা স্বীকার করে কুণাল বলেন, "বিপক্ষ দলের নেতারা যখন মমতা, অভিষেককে কুৎসিত ভাষায় আক্রমণ করেন তখন সাত পাঁচ না ভেবে এই কুণাল ঘোষ সরাসরি খারাপ ভাষায় আক্রমণ করে, ব্যক্তিগত শত্রুতা নিয়ে ফেলে, অলআউট অ্যাটাকে যায়। দল যদি মনে করে এসব দরকার নেই, তাহলে দল বুঝবে।"
নাম না করে দেবকে খোঁচা দিয়ে কুণাল আরও বলেন, "বালুরঘাটে গিয়ে সুকান্তদা ভাল! মিঠুন চক্রবর্তীকে মমতাদি বলছেন গদ্দার, আর একজন স্টার ক্যাম্পেনার বলছেন- গদ্দার সমর্থন করি না, মমতাদির বিরোধিতা করা হচ্ছে, ভাবুন! এই সব স্টার যত দলে ভরে যাবে, সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে দলের। ইশ্বর ওদের মঙ্গল করুন।"
কটাক্ষের সুরে কুণাল আরও বলেন, "স্টার ক্যাম্পেনারের তালিকায় নাম নেই বলে একটুকুও আফশোস হচ্ছে না। বেঁচে গেলাম! এই গরমে প্রচারে যেতে হবে না!"