
শেষ আপডেট: 31 August 2023 09:08
দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বরে স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) । মুখ্যমন্ত্রীর ওই সফরে সামিল হতে চান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে কুণালের বিদেশ যাত্রায় আপত্তি করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সিকে এবিষয়ে লিখিতভাবে নিজেদের আপত্তির কথা জানানোর নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।
এদিন আদালতে সিবিআইয়ের (CBI) তরফে অভিযোগ করা হয়, “ছেলের কাছে আমেরিকা যেতে চেয়ে কুণাল ঘোষ আবেদন করেছিলেন। কিন্তু এখন বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্য দেশে যেতে চান।” বিচারাধীন অভিযুক্তকে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে নিয়ে যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন সিবিআইয়ের আইনজীবী। পাল্টা কুণালের আইনজীবী আদালতে বলেন, “অভিযুক্ত আর অপরাধী এক নয়। তাঁর মক্কেল শাসকদলের মুখপাত্র। তাই তাঁকে ওই সফরে নিয়ে যাওয়া হচ্ছে।”
সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি বাগচী বলেন, “৫-৭ দিনের জন্য যদি যেতে চান তা হলে অসুবিধা কোথায়? তিনি তো আর পালিয়ে যাচ্ছেন না।” এবিষয়ে দ্য ওয়ালকে কুণাল বলেন, “আগেও আদালত থেকে অনুমতি নিয়ে বিদেশ সফরে গিয়েছি। এবারেও নিয়ম মেনে আদালতে আবেদন জানিয়েছিলাম। সিবিআই আপত্তি জানিয়েছে। আদালত ওদের রিপোর্ট জমা দিতে বলেছে।”
কুণাল ঘোষের এই সফরে সিবিআইয়ের কী আপত্তি রয়েছে তা জানতে চেয়ে হলফনামা চেয়েছে আদালত। সূত্রের খবর, দুপুরে ফের এজলাসে ওঠে মামলাটি। আগামীকাল শুক্রবার সকালে মামলার পরবর্তী শুনানি হবে ।
আরও পড়ুন: মমতার স্পেন সফরে সবুজ সঙ্কেত কেন্দ্রের, আপত্তি করল না সাউথ ব্লক