
শেষ আপডেট: 20 February 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কোন্নগরের শিশু খুনে গ্রেফতার মা ও মায়ের বান্ধবী। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। পুলিশর্কতারা জানান, কথায় অসংগতি পেয়েই শেষপর্যন্ত গ্রেফতার করা হল তাদের। সোমবার শিশুর বাবা পঙ্কজ শর্মাকেও উত্তরপাড়া থানায় ডেকে জিজ্ঞোসাবাদ করা হয়। মঙ্গলবার সকালে থানায় নিয়ে যাওয়া হয় মা ও তাঁর বান্ধবীকে।
গত ১৬ তারিখ সন্ধেবেলা ঘরের ভিতর নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় আট বছরের শিশুকে। তারপর কেটে গেছে চারদিন। আততায়ী কবে গ্রেফতার হবে জানতে অধীর ছিলেন প্রতিবেশীরা। পুলিশ জানায় তদন্তে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট ও ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে। গতকালও ফরেনসিক টিম বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। মা ও তার বান্ধবীর মোবাইল থেকে সূত্রের খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছিল পুলিশ।
শুক্রবার কোন্নগরের আদর্শনগরে ঘরের মধ্যে থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় আট বছরের ওই শিশুর।ওই শিশুর বাবা পঙ্কজ শর্মা পুলিশকে জানান, ইট দিয়ে, ঘরে থাকা গণেশের মূর্তি দিয়ে মাথায় আঘাত করা হয়। ফল কাটার ছুরি দিয়েও আঘাত করা হয়। টেবিলে মাথা থেঁতলে খুন করা হয় তাঁর ছেলেকে। যে সময় এই কাণ্ড ঘটে সেই সময় বাড়িতে আর কেউ ছিল না। পঙ্কজ কলকাতায় বেসরকারি কোম্পানিতে কাজ করেন, তাঁর স্ত্রী কোন্নগরে একটি ফুড ক্যাফেতে কাজ করেন। দুজনেরই ফিরতে রাত হয়। পাশের বাড়িতেই থাকেন পঙ্কজবাবুর ভাই। তাঁর মেয়েই প্রথম ক্লাস ফোরের ওই পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে৷ তার চিৎকার শুনেই ছুটে আসেন আশেপাশের মানুষ।