
শেষ আপডেট: 21 February 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কোন্নগরে শিশু খুনে ধৃত মা শান্তা শর্মা ও তার বান্ধবী ইফফাত পারভিনের ন'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। তাঁদের হয়ে এদিন কোনও আইনজীবী সওয়াল করেননি শ্রীরামপুর আদালতে।
আট বছরের শিশুকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় মঙ্গলবারই গ্রেফতার করা হয় শিশুর মা শান্তা শর্মা ও তার বান্ধবী ইরফাত পারভিনকে। কোনও মা তার সন্তানকে খুন করতে পারে বিশ্বাসই করতে পারছেন না আদর্শনগরের বাসিন্দারা। সম্পর্কের টানাপড়েন, স্বামীর সঙ্গে সম্পর্কে শীতলতা, যাই হোক না কেন সন্তান খুন মেনে নিতে পারছেন না তারা।
শিশু খুনে জড়িতদের গ্রেফতার চেয়ে শান্তি মিছিল করেছিলেন এলাকাবাসী। পরিবারের কেউ এই খুনে যুক্ত থাকতে পারে তাঁরা ভাবতে পারেননি। তবে পুলিশ তদন্ত শুরু করার পর পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকেই বুঝেছিল পরিচিত কেউই এই খুনে যুক্ত। এরপর ফিঙ্গার প্রিন্ট, রক্তের নমুনা পরীক্ষা, ফোন কল রেকর্ড, টাওয়ার লোকেশন ও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়। মঙ্গলবার সকালে শান্তা শর্মাকে থানায় ডেকে পাঠায় পুলিশ। ডেকে আনা হয় তাঁর বান্ধবী ইরফাতকেও। পরে গ্রেফতার করা হয় তাদের।
বুধবার দুজনকেই শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর প্রিজন ভ্যানে আদালতে নিয়ে যাওয়ার পথে শিশুর মা শান্তা শর্মা দাবি করেন তিনি খুন করেননি। তিনি বলেন, "নিজের ছেলেকে কেউ খুন করতে পারে!" তাহলে কি তাঁর বান্ধবী ইরফাত পারভিন খুন করেছে? সে প্রশ্নে তার উত্তর, "জানি না। ওইদিন আমার বান্ধবী বাড়িতে এসেছিল।" শিশুর বাবা পঙ্কজ শর্মা এদিনও অভিযুক্তদের ফাঁসির দাবি জানান। তিনি বলেন, "যে নৃশংস ভাবে ছেলেকে খুন করা হয়েছে তার জন্য সর্বোচ্চ সাজাই হওয়া উচিৎ। আমি ফাঁসিই চাইব।"