
প্রতীকী ছবি
শেষ আপডেট: 7 September 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। পথে নেমেছে আট থেকে আশি। আঁচ লেগেছে বিশ্বের সবখানে। সুবিচার চেয়ে ৮ তারিখ বিশ্বজুড়ে ‘রাত দখল’ করবেন প্রবাসীরা।
৮ সেপ্টেম্বর বিকাল ৫টা নাগাদ, ১২টি দেশের প্রায় ৫০-এর বেশি শহরের ভারতীয়রা শান্তিপূর্ণ প্রতিবাদের পরিকল্পনা করেছে। তাঁদের স্লোগান, ‘রাত জাগো বিশ্ব, রাত জাগো চাঁদ, পথজুড়ে থেকে যাক শুধুই প্রতিবাদ।’
তৈরি হয়েছে জিঙ্গল। স্থানীয় রেডিওতে প্রচারও করছেন তাঁরা। শুধু তাই নয়, ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে একটি গণ-স্বাক্ষরিত চিঠি পাঠানোর পরিকল্পনাও করা হচ্ছে।
ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, তানজানিয়া, জাম্বিয়া, দক্ষিণ আফ্রিকায়-সহ একাধিক দেশ সামিল হচ্ছে এই প্রতিবাদে।
আরজি করের মতো জঘন্য অপরাধ দমন এবং মহিলাদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরির ক্ষেত্রে প্রশাসনের উদ্যমহীন মনোভাবের কঠোর বিরোধিতা করছেন উদ্যোক্তারা।