বিশ্ব পরিবেশ দিবসে উডল্যান্ডস হাসপাতালে স্মার্ট রিসাইক্লিং বোতলের মাধ্যমে পরিবেশ সচেতনতার এক অভিনব পদক্ষেপ করা হল।

উডল্যান্ডসের নতুন উদ্যোগ।
শেষ আপডেট: 5 June 2025 19:57
দ্য ওয়াল ব্যুরো: যদি হাসপাতালের সামনে একটি বিশালাকৃতি বোতল দেখা যায়, তবে অবাক হওয়াটাF স্বাভাবিক। কিন্তু সেই বোতলটি যদি হয় একটি অভিনব পরিবেশবান্ধব উদ্যোগের প্রতীক, তাহলে?
বিশ্ব পরিবেশ দিবসের দিনে ঠিক এমনই এক অভিনব প্রকল্পের সূচনা করল কলকাতার উডল্যান্ডস হাসপাতাল। সিআইআই (CII) ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল এবং Magpet Polymers Pvt Ltd–এর সঙ্গে যৌথভাবে, তারা চালু করল এক অভিনব স্মার্ট রিসাইক্লিং ইউনিট। যেটি আদতে এক বিশালাকার প্লাস্টিক বোতলের মতো দেখতে।
'SmartReBins' রিসাইক্লিং ইউনিট দেখতে যেমন অভিনব, তেমনি প্রযুক্তিগতভাবেও অত্যন্ত আধুনিক। বোতলগুলোতে রয়েছে উন্নত সেন্সর ও জিও-ট্যাগিং ব্যবস্থা, যা বোতল ভর্তি হলেই সিগন্যাল পাঠায় বর্জ্য সংগ্রাহকদের কাছে। এর ফলে সময়মতো প্লাস্টিক বোতল সংগ্রহ এবং রিসাইক্লিং নিশ্চিত করা যায়।
সংগ্রহ করা বোতলগুলো Magpet Polymers-এর মাধ্যমে রিসাইক্লিং করে তৈরি হচ্ছে উচ্চমানের পুনর্ব্যবহারযোগ্য পণ্য, যার ফলে ল্যান্ডফিল বা বর্জ্যভূমিতে প্লাস্টিক জমার পরিমাণও অনেক কমবে। এই প্রকল্প ‘সার্কুলার ইকোনমি’ বা চলমান অর্থনীতির আদর্শ উদাহরণ, যেখানে একবার ব্যবহৃত প্লাস্টিক আবারও কার্যকরী রূপে ফিরে আসে।
আজ, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইআই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের চেয়ারম্যান দেবাশিস দত্ত। তিনি বলেন, 'ভবিষ্যতের পথ তৈরি হয় সচেতনতা এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে। এই উদ্যোগ আমাদের সমাজ ও শিল্পজগতের মধ্যে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।'
হাসপাতালের তরফে বক্তব্য রাখেন উডল্যান্ডসের এমডি ও সিইও রূপক বড়ুয়া। পাশাপাশি তিনি সিআইআই পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের ভাইস চেয়ারম্যানও। তিনি বলেন, 'সাস্টেনিবিলিটি কেবল এক দিনের অনুষ্ঠান নয়, এটি একটি ধারাবাহিক যাত্রা। আজকের এই পদক্ষেপ আমাদের কর্মী, রোগী এবং বৃহত্তর সমাজকে পরিবেশসচেতন করে তুলবে।'
উডল্যান্ডস হাসপাতালের এই স্মার্ট বোতল প্রকল্পের মাধ্যমে শহরের অন্যতম স্বাস্থ্যকেন্দ্র প্লাস্টিক-নিউট্রাল অঞ্চলে রূপান্তরিত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। পরিবেশবান্ধব ব্যবস্থার এই উদ্যোগ শুধু হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৃহত্তর কলকাতা ও স্বাস্থ্যব্যবস্থায় এক ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশাবাদী সকলে।