
প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 September 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের পাশবিক ঘটনার প্রতিবাদে আন্দোলন বহাল। এর মধ্যেই কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। বাইরে নয়, হাসপাতালের মধ্যে আইসিইউ-এর সামনে তাঁকে এক রোগীর পরিবারের সদস্য ধর্ষণ এবং খুনের হুমকি দেন বলে অভিযোগ। ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।
'আরজি কর করে দেব!' এমন মন্তব্য করেই ওই মহিলা চিকিৎসককে শাসানো হয়ে বলে দাবি। হুমকি পাওয়ার পরই বিষয়টি নিজের সহকর্মীদের জানান ওই ডাক্তার। তারপর তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে এই ইস্যুতে অভিযোগ করেন। লিখিতভাবেও কর্তৃপক্ষকে অভিযোগ করেছেন মহিলা ডাক্তার। এই ঘটনার খবর ছড়াতেই হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত নতুন কোনও রোগী ভর্তি নেওয়া হবে না। শেষ পাওয়া খবর অনুযায়ী, একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠিক কী কারণে এই হুমকি দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে স্বাভাবিকভাবে এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অধিকাংশ ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই ইস্যুতে এখনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
আরজি কর কাণ্ডের পর এই নিয়ে একাধিকবার ডাক্তারদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। তাতেই চিন্তা বেড়েছে সাধারণ মানুষের। কোনও ভাবেই একাংশের মনোভাব বদলাচ্ছে না। পশ্চিমবঙ্গ তো বটেই, রাজ্যের বাইরেও নানা জায়গা থেকে এই ধরনের ঘটনার খবর আসছে। যা যথেষ্ট উদ্বেগের।
এদিকে কলকাতার জুনিয়র ডাক্তাররা টানা এক মাস ধরে আরজি ইস্যুতে আন্দোলন করছেন। বর্তমানে তাঁরা স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন। নৃশংস ঘটনার দ্রুত বিচার তো তাঁরা চাইছেন পাশাপাশি আরও ৫ দফা দাবি রয়েছে তাঁদের। এই পরিস্থিতির মধ্যে শহরেরই এক বেসরকারি হাসপাতালের মধ্যে মহিলা ডাক্তারকে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় আরও আতঙ্ক বেড়েছে!
রোগীর আত্মীয়রা ডাক্তারদের মারধর করেছেন এমন ঘটনা আখছাড় শোনা যায়। এখন আরজি কর কাণ্ডের মাঝে এইভাবে হুমকি দেওয়ার ঘটনা সত্যিই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে আরও প্রশ্ন তুলে দিচ্ছে।