
প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 April 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: কসবার (Kasba) অভিজাত আবাসন থেকে এক মহিলার রক্তাক্ত দেহ (Woman Body Found) উদ্ধার হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। আবাসনের পার্কিং লট থেকে মহিলার রক্তাক্ত দেহ মেলে। তাঁর পেটে ধারাল অস্ত্রের কোপের চিহ্ন মিলেছে।
কসবার আর কে চ্যাটার্জি রোডের এক আবাসনে এই ঘটনা ঘটেছে। কলকাতা পুলিশের হোমিসাইড থাকার গোয়েন্দারা অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন। সঙ্গে রয়েছেন কসবা থানার পুলিশও। মহিলার নিথর দেহ দেখে অনুমান, তাঁকে খুন করা হয়েছে। কারণ পেটে ধারাল অস্ত্রের কোপের পাশাপাশি শরীরে একাধিক ক্ষতচিহ্নও মিলেছে। ঘটনাস্থলের অনেক জায়গায় রয়েছে রক্তের দাগও। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জড়িত মহিলার স্বামী।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ১টার কিছু পর ৩৪-৩৫ বছরের ওই মহিলার চিৎকার শুনতে পান আবাসনের বাসিন্দারা। সঙ্গে সঙ্গে আবাসনের পার্কিং লটে এসে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় মহিলা পড়ে রয়েছে এবং তাঁর পেটে ধারাল অস্ত্র ঢোকানো। দ্রুত তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মহিলার স্বামী পলাতক।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পারিবারিক অশান্তির জেরেই মহিলাকে খুন করা হয়েছে। তাঁর পলাতক স্বামীকে ধরার চেষ্টা করছে পুলিশ। আবাসনের বাকি বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। পাশাপাশি মহিলার পরিবার এবং বন্ধুদের সঙ্গেও যোগাযোগ করছে পুলিশ।