
নির্যাতিতার প্রতীকী মূর্তি - ফাইল ছবি
শেষ আপডেট: 3 October 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে গত ৯ অগস্টের নৃশংস ঘটনার পর নির্যাতিতার প্রতীকী মূর্তি তৈরি হয়েছে। মহালয়ার দিন সকালে তার উন্মোচনও হয়। কিন্তু এই মূর্তির আদল নিয়ে অনেকে অনেক কথাই বলছেন। কেউ সরাসরি মূর্তি বানানোর বিরোধিতা করছেন, আবার কেউ জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন। মূর্তির অবয়ব কেন এমন করা হয়েছে, সে নিয়েও প্রশ্ন উঠেছে। এর উত্তর দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম কিঞ্জল নন্দের স্ত্রী নম্রতা।
বিনা পারিশ্রমিকে ফাইবার গ্লাসের এই মূর্তিটি গড়েছেন শিল্পী অসিত সাঁই। মহালয়ার দিন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসের প্ল্যাটিনাম জুবিলি হলের সামনে বসানো হয় ওই মূর্তি। তার নাম রাখা হয়েছে, 'ক্রাই অফ দ্য অনার'।
নির্যাতিতার মুখের সঙ্গে তো স্বাভাবিকভাবেই মূর্তির কোনও মিল রাখা হয়নি। তবে মূর্তিটির চোখে-মুখে ভয়ের চাপ স্পষ্ট। সাধারণত এমন আদলের মূর্তি দেখা যায় না। কিন্তু আরজি করের নির্যাতিতার মূর্তি এমন কেন বানানো হল, তার ব্যাখ্যা দিয়েছেন অন্যতম আন্দোলনকারী কিঞ্জল নন্দের স্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নম্রতা বলেছেন, ''ঘটনাটি সুন্দর ছিল না। ঠিক উল্টোই ছিল। তাই সেভাবেই মনে রাখা উচিত।''
যিনি এই মূর্তি বানিয়েছেন সেই শিল্পী অসিত সাঁই ডাক্তারদের আপোষহীন লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। তাঁর কথায়, ‘জুনিয়র ডাক্তাররা শিরদাঁড়া সোজা করে যে লড়াই চালিয়ে যাচ্ছেন তাকে কুর্নিশ জানাই। আর যেন এমন ঘটনা বিশ্বের কোথাও না ঘটে এই অঙ্গীকার আমাদের নিতে হবে।"