
রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী
শেষ আপডেট: 11 May 2025 05:41
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যাত্রী সাথী অ্যাপের 'হোয়ার ইজ মাই বাস' (Where Is My Bus) পরিষেবার উদ্বোধন করলেন। এই পরিষেবার মাধ্যমে যাত্রীরা জানতে পারবেন বাস কোথায়, ভাড়া কত?
এদিন স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, '২০২৩ সালে অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রী সাথী অ্যাপের (Yatri Sathi) উদ্বোধন করেছিলেন। এরফলে একদিকে যেমন যাত্রীদের যাতায়াত খরচ কমেছে তেমনই অ্যাপের সঙ্গে যুক্ত গাড়ি মালিকদেরও বাড়তি আয় হচ্ছে। গত কয়েক বছরে এই অ্যাপ বিপুল জনপ্রিয় হয়েছে। প্রায় ৩৬ লক্ষ মানুষ অ্যাপটি ব্যবহার করছেন।'
তিনি আরও বলেন, 'আগামী দিনে ফের বাস-সহ অন্যান্য পরিবহণ মাধ্যমকেও অ্যাপের অন্তর্ভুক্ত করা হবে। যাতে যাত্রীরা ভোগান্তি ছাড়াই অনলাইনে টিকিট কাটতে পারেন।' যোগ করেন, 'এই অ্যাপের সাহায্যে বাসগুলিকে ট্র্যাক করা যাবে। কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। প্রতিটি বাস কত স্পিডে যাচ্ছে, ওভারস্পিড করছে কি না, দুর্ঘটনা এড়াতে যাবতীয় খুঁটিনাটির ওপর নজর রাখা হবে। তবে বাস চালকদের সতর্কীকরণের পর সংশোধন করতে না পারলে অভিযুক্ত চালকদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।
কলকাতার সমস্ত বাস স্টপে এলইডি বোর্ড লাগানো হবে। সেখানেই স্ক্রলিংয়ের মাধ্যমে জানা যাবে কোন বাস কখন আসবে। এবার ধীরে ধীরে এই কাজগুলিও সম্পূর্ণ করা হবে।
শহরে বাসের সংখ্যা কম। ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। এনিয়ে স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'অনেক বাস রেডি করা আছে কিন্তু পর্যাপ্ত চালকের অভাব রয়েছে। কয়েকমাস আগে ৯০০-র বেশি চালকের অনুমোদন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে প্রক্রিয়া চলছে, শীঘ্রই ২০০-৩০০ বাস রাস্তায় নামানো হবে। পাশাপাশি কোন রুটে কত বাস দিতে হবে তারও তালিকা তৈরি হচ্ছে।'
২০১৬ সালে 'সেফ ড্রাইভ সেফ লাইফ'-এর (Save Drive Safe Life) উদ্বোধন হয়। এরপর থেকে দুর্ঘটনা অনেক কমেছে বলে দাবি পরিবহণ মন্ত্রীর। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, 'আগে বছরে ৭০ হাজার দুর্ঘটনা ঘটত, এখন তা কমে দাঁড়িয়েছে তেরো হাজারে।' প্রযুক্তি ব্যবহার করে কীভাবে দুর্ঘটনা আরও কমানো যায় সেই প্রচেষ্টাও চলছে বলে জানান স্নেহাশিস চক্রবর্তী।