দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অক্ষমতার কারণে কলকাতা সহ বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য্য দেখা থেকে বঞ্চিত ছিলেন? এখন আর চিন্তা নেই। এবার বিশেষভাবে সক্ষম মানুষদের সহজে বেড়ানোর ব্যবস্থা হল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। 'হুইলচেয়ার'-এর ব্যবস্থা করা হয়েছে তাঁদের জন্য।
১০০ বছর আগে সাধারণের জন্য দরজা খুলে গিয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের। এবার সেই ঐতিহাসিক দর্শনীয় স্থানের জন্য নয়া ব্যবস্থা নিয়ে এল ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। নতুন ব্যবস্থায় বাধাহীন রাস্তা তৈরি করেছে কর্তৃপক্ষ। যার ওপর দিয়ে সহজেই হুইল চেয়ারে করে মানুষ ঘুরে দেখতে পারবেন মিউজিয়াম ও গার্ডেন।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ ও পূর্ব গেট বরাবর একটি সরু রাস্তা তৈরি করা হয়েছে। যার ওপর দিয়ে সহজেই শারীরিকভাবে অক্ষম মানুষেরা হুইলচেয়ারে করে পৌঁছে যেতে পারবেন ভিক্টোরিয়ার অন্দরে।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত জানান, 'এখানে বছরে লাখ লাখ মানুষ এসে ভিড় করেন অপূর্ব মিউজিয়াম দেখতে। কিন্তু দুঃখের বিষয় কিছু মানুষ শারীরিক অক্ষমতার জন্য পৌঁছাতে পারেন না মিউজিয়ামে। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করা হল। ৬টি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে। বিশেষত নুড়ি বিছানো রাস্তার ওপর দিয়ে হুইলচেয়ারে করে যাওয়া সম্ভব নয়। এমনকি বয়স্কদের জন্যও অত্যন্ত কষ্টদায়ক। সেই কারণেই এই নতুন ব্যবস্থার কথা ভাবা হয়েছে।'
এই প্রকল্পটি বাস্তবায়ন করতে ২.৮ লাখ খরচ হয়েছে। জয়ন্তবাবু জানান, 'এই প্রকল্পটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রাক্তন কিউরেটর হীরালাল চক্রবর্তীকে উৎসর্গ করা হয়েছে। তাঁর ছেলে সুমো চক্রবর্তী ও ইউরোপিয়ান ব্যাঙ্কের টাকায় এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।'