বিবৃতিতে এও জানানো হয়েছে, মেট্রো রেলওয়ে সব ধরনের অনুপ্রবেশের উপর কড়া নজর রাখে এবং প্রাণীর কোনও ক্ষতি না করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এটি তারই একটি উদাহরণ।

গ্রাফিক্স - দ্য ওয়াল
শেষ আপডেট: 21 October 2025 21:32
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির (Diwali) রাতে শব্দবাজির আওয়াজে ভয় পেয়ে অনেক পথ কুকুর (Stray Dogs) ঢুকে পড়েছিল কলকাতা মেট্রোর (Kolkata Metro) ভিতরে। কীভাবে ঘটল এমন ঘটনা, কীভাবে তারা ট্রেনের মধ্যে ঢুকে গেল, সে নিয়ে বিবৃতি দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
জানান হয়েছে, শহরের একাধিক মেট্রো স্টেশনে শব্দবাজির (Fire Crackers) দাপটে বহু কুকুর আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যেই এক বাদামি রঙের কুকুর হঠাৎ ট্রেনে উঠে পড়ে। গিরিশ পার্ক স্টেশনে ঘটে সেই ঘটনা। পরে নিরাপত্তাকর্মীরা তাকে নিরাপদে নামিয়ে আনেন।
বিবৃতিতে এও জানানো হয়েছে, মেট্রো রেলওয়ে সব ধরনের অনুপ্রবেশের উপর কড়া নজর রাখে এবং প্রাণীর কোনও ক্ষতি না করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এটি তারই একটি উদাহরণ।
দীপাবলির রাতে ক্ষুদিরাম স্টেশনগামী শেষ মেট্রোতে এক পথকুকুরকে দেখা যায়। যাত্রীরা জানান, মাস্টারদা সূর্যসেন স্টেশন পার হওয়ার পরই তাঁরা ট্রেনের মধ্যে কুকুরটিকে দৌড়াদৌড়ি করতে দেখেন। ভয়ে আতঙ্কিত কুকুরটি এক কামরা থেকে অন্য কামরায় ছুটছিল।
কেউ কেউ তাকে ধরার চেষ্টা করলেও পারেননি। শেষমেশ ক্ষুদিরাম স্টেশনে নামার পর মেট্রোর নিরাপত্তাকর্মীরা কুকুরটিকে স্টেশনের বাইরে ছেড়ে দেন। সে কোন এলাকা থেকে এসেছিল, বা পরে নিজের এলাকায় ফিরতে পেরেছিল কিনা, সেটা জানা যায়নি।
এত কড়া নিরাপত্তা থাকার পরেও কী ভাবে পথকুকুর ঢুকে পড়ল মেট্রোর ভেতরে? সেই প্রশ্ন এখনও রয়ে যাচ্ছে। যদিও কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, ঘটনার তদন্ত হবে।
যদিও যাত্রীদের মতে, দীপাবলির রাতে এই ‘ভুল যাত্রী’ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কলকাতা মেট্রোর নিরাপত্তা বলয়ের বাস্তব হালটা কেমন!