
স্কুলের পুলকার -বাসের জন্য জারি একগুচ্ছ গাইডলাইন
শেষ আপডেট: 23 June 2024 17:58
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ও শহরতলির স্কুলগুলিতে যাতায়াতের জন্য অনেক ছাত্রছাত্রীই বাস ও পুলকারের উপরে নির্ভরশীল। একইসঙ্গে বিভিন্ন জেলাতেও ছেলেমেয়েদের স্কুলে পাঠানো এবং বাড়ি ফেরানোর জন্য অনেক বাবা-মায়েদের ভরসা স্কুল বাস ও পুলকার। তাই পড়ুয়াদের সুরক্ষায় স্কুল বাস ও পুলকারগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহণ দফতর।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে নতুন গাইডলাইনের বিষয়ে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী, স্কুল বাসে প্রত্যেক পড়ুয়াদের জন্য সিট বেল্ট রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সঙ্গে গাড়িগুলিকে হলুদ ও নীল রং করতে হবে। এছাড়াও বাস কিংবা পুলকার কোনও গাড়িই অতিরিক্ত পড়ুয়া তুলতে পারবে না। গাড়ি থেকে হাত,মাথা যাতে বের করা না যায় সেই জন্য সুরক্ষিত দরজা-জানলা, বাইরে থেকে দৃশ্যমান কাচ, পর্যাপ্ত আলো, ব্যাগ রাখার জায়গা করতে হবে।
পরিবহণ দফতরের তরফে আরও জানানো হয়েছে, স্কুল বাসের ভিতরে যাতে যথেষ্ট আলোর ব্যবস্থা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও জরুরি পরিস্থিতির জন্য অগ্নিনির্বাপক যন্ত্র, প্রাথমিক চিকিৎসার বাক্স রাখতে হবে। সঙ্গে বাসের ভিতর ও বাইরে লিখে রাখতে হবে আপৎকালীন নম্বর। এছাড়াও ভেহিকলস লোকেশন ট্র্যাকিং ডিভাইস (ভিএলটিডি) রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু বাস কিংবা পুলকার মালিকেরা নন, সরকারি এই নির্দেশিকার বিষয়ে স্কুলগুলিকেও নজর দিতে হবে। যার জন্য নির্দেশিকায় স্কুলের পক্ষ থেকে একজন ট্রান্সপোর্ট ম্যানেজার রাখার কথা বলা হয়েছে। যাঁরা ছাত্রছাত্রীরা যাতে সুরক্ষিতভাবে আসা যাওয়া করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। গাড়ির চালকের নম্বর নিজেদের কাছে রাখা, আপাৎকালীন পরিস্থিতির জন্য পুলিশ বা সরকারি আধিকারিকদের নম্বর নিয়ে রাখার মতো বেশ কিছু দায়িত্ব অভিভাবকদের পালন করতে হবে। মোবাইলে পরিবহণ দফতরের অ্যাপ রাখার নির্দেশ দিয়েছেন পরিবহণমন্ত্রী। সংশ্লিষ্ট অ্যাপে পড়ুয়াদের পুলকারের নম্বর দিলেই সংশ্লিষ্ট গাড়ির যাবতীয় তথ্য চলে আসবে। সেক্ষেত্রে নিয়ম মেনে সমস্ত সরকারি কাগজপত্র না থাকলে দ্রুত পুলিশকে জানানো যাবে।